মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘প্রতিটি মানুষ কোরআনের অর্থ ও মর্ম সম্পর্কে চিন্তা-ভাবনা করুক—এটিই কোরআনের দাবি’

news-image

কোরআন মোতাবেক আমল করা ও জীবন পরিচালনা করা সব ঈমানদারের জন্য জরুরি। এ জন্য প্রয়োজনীয় সুরা শিখে নেওয়া এবং প্রয়োজনীয় বিধি-বিধান জেনে নেওয়া সব মুসলমানের জন্য ফরজ। তবে পুরো কোরআন বোঝা সর্বসাধারণের পক্ষে সম্ভব নয়। ইবনে আব্বাস (রা.) বলেন, কোরআনের তাফসির চার ভাগে বিভক্ত।

এক. আরবরা বা আরবি ভাষাবিদরা ভাষার মাধ্যমেই জানে। দুই. কোরআনের কিছু অংশ না জানা ও না বোঝার ওজর কারো পক্ষ থেকে গ্রহণযোগ্য নয়। তিন. কিছু আয়াতের তাফসির অনুধাবন শুধু আলেমদের পক্ষেই সম্ভব। চার. কোরআনের কিছু অংশের অর্থ ও তাফসির আল্লাহ ছাড়া আর কেউ জানে না। (তাফসিরে ইবনে জারির : ১/৫৭)

এ প্রসঙ্গে মুফতি মুহাম্মাদ শফি (রহ.) সুরা নিসার (৪) ৮২ নম্বর আয়াতের আলোচনায় লিখেছেন, ‘প্রতিটি মানুষ কোরআনের অর্থ ও মর্ম সম্পর্কে চিন্তা-ভাবনা করুক—এটিই কোরআনের দাবি। সুতরাং এ কথা মনে করা ঠিক নয় যে কোরআন মজিদের আয়াত নিয়ে চিন্তা-ভাবনা করা শুধু ইমাম ও মুজতাহিদদের (বড় বড় আলিমের) কাজ। অবশ্য জ্ঞান ও প্রজ্ঞার পর্যায়ের মতোই চিন্তা-ভাবনারও বিভিন্ন পর্যায় রয়েছে। সাধারণ মানুষ যখন নিজের ভাষায় কোরআন মজিদের তরজমা ও তাফসির পড়বে এবং চিন্তা-ভাবনা করবে, তখন তাদের অন্তরে আল্লাহ তাআলার ভালোবাসা ও আখিরাতের চিন্তা সৃষ্টি হবে। আর এটিই হচ্ছে সব সফলতার চাবিকাঠি। তবে ভ্রান্তি ও বিভ্রান্তি থেকে বাঁচার জন্য সাধারণ মানুষের উচিত কোনো আলিমের কাছে অল্প অল্প করে পাঠ করা। এর সুযোগ না থাকলে কোনো নির্ভরযোগ্য তাফসিরের কিতাব পাঠ করবে এবং যেখানেই কোনো প্রশ্ন ও সংশয় দেখা দেয়, নিজের বিদ্যা-বুদ্ধি দ্বারা উত্তর না খুঁজে বিজ্ঞ আলিমের সাহায্য নেবে। (মা’আরিফুল কোরআন : ২/৪৮৮) তবে সবার আগে বিশুদ্ধভাবে পাঠ করা শিখতে হবে। বিশুদ্ধভাবে নামাজ পড়ার জন্য কিছু সুরা মুখস্থ করার বিকল্প নেই। ফরজ আমলের জন্য প্রয়োজনীয় জ্ঞান অর্জন ফরজ।

কোরআনের অনুবাদ ও তাফসির পাঠের ক্ষেত্রে কোনো ব্যক্তির ব্যক্তিগত অধ্যয়ন ঝুঁকিমুক্ত নয়। তাই কোনো আলেমের কাছে অল্প অল্প করে কোরআনের অনুবাদ ও তাফসির পাঠ করুন। যুগে যুগে যাঁরা কোরআনের ভাষান্তর করেছেন, তাঁরা কোরআন পাঠের পদ্ধতিও বলে দিয়ে গেছেন। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি (রহ.)-এর পুত্র শাহ আবদুল কাদের দেহলভি (রহ.) ‘মুযিহুল কোরআন’ নামে উর্দু ভাষায় কোরআনের তরজমা ও সংক্ষিপ্ত টীকা লিখেছেন। ভূমিকায় তিনিও বলেছেন, ‘মুসলমানের অপরিহার্য কর্তব্য রবের পরিচয় লাভ করা, তাঁর গুণাবলি জানা এবং তাঁর আদেশ-নিষেধ ও সন্তুষ্টি-অসন্তুষ্টির জ্ঞান অর্জন করা। কারণ এটা ছাড়া বন্দেগি হতে পারে না। আর যে বন্দেগি করে না, সে বান্দা নয়। আর মানুষ আল্লাহর পরিচয় পাবে (শিক্ষকের) শেখানোর দ্বারা। কারণ মানব-সন্তান সম্পূর্ণ অজ্ঞ অবস্থায় জন্মলাভ করে, এরপর শেখানোর দ্বারা সব কিছু শিখে ফেলে। আর যদিও (উর্দু তরজমার দ্বারা) কোরআনের অর্থ বোঝা সহজ হয়েছে, তবু উস্তাদের সনদ প্রয়োজন। কেননা প্রথমত, সনদ ছাড়া কোরআনের মর্ম গ্রহণযোগ্য নয়। দ্বিতীয়ত, পূর্বাপর মিলিয়ে সঠিক অর্থ বোঝা এবং ভুল ও বিচ্ছিন্ন অর্থ গ্রহণ থেকে বেঁচে থাকা উস্তাদের সহায়তা ছাড়া হয় না। কোরআনের ভাষা আরবি হওয়ার পরও আরবদেরও শিক্ষকের প্রয়োজন হয়েছে।’

একই কথা বিস্তারিতভাবে শায়খুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান (রহ.) তাঁর অনূদিত তরজুমায়ে কোরআনের ভূমিকায় উল্লেখ করেছেন।

অনেক আলেম সর্বসাধারণের ব্যক্তিগত অধ্যয়নে মাতৃভাষায় কোরআন চর্চায় অনুৎসাহিত করে থাকেন। তাঁদের উদ্দেশ্য এই নয় যে সাধারণ মানুষ কোরআন শিখে ফেললে আলেমদের চেয়ে জ্ঞানী হয়ে যাবে। ফলে তারা আলেমদের কাছে আসবে না; বরং সেই সব আলেম ভয় করেন যে এতে যেন কেউ ভ্রষ্টতার শিকার না হয়। সত্যিকার কথা হলো, পরিপূর্ণভাবে অন্য ভাষায় কোরআনের ভাবান্তর, ভাষান্তর ও মর্মোদ্ধার করা কারো পক্ষেই সম্ভব নয়। তাই নবীদের উত্তরাধিকার আলেমসমাজকে এই ভয় তাড়িত করে যে সাধারণ মানুষ যেন কোরআন পড়ে এর মর্মোদ্ধার করতে না পেরে বিভ্রান্ত না হয়। কেননা কোরআন পাঠ করে বহু মানুষ বিভ্রান্ত হওয়ার হুঁশিয়ারি খোদ কোরআনেই উল্লেখ করা হয়েছে। ইরশাদ হয়েছে, ‘…এর মাধ্যমে তিনি অনেককেই বিভ্রান্ত করেন, আবার বহু লোককে সৎপথে পরিচালিত করেন…।’ (সুরা : বাকারাহ, আয়াত : ২৬) লেখক : গ্রন্থকার ও গবেষক। উৎস: কালের কণ্ঠ।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক