শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিমন্ত্রী পলকের সহায়তায় দৃষ্টিশক্তি ফিরে পেলেন ৪১ জন

news-image

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সহায়তায় দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন ৪১ জন নারী-পুরুষ। শনিবার ঢাকার দৃষ্টি চক্ষু হাসপাতালে তাদের ছানি অপারেশন সফলভাবে সম্পন্ন হয়। দৃষ্টি ফিরে পেয়ে খুশি হয়ে প্রতিমন্ত্রীর দির্ঘায়ু কামনা করেছেন তারা।

দৃষ্টি ফিরে পাওয়া নাটোরের সিংড়া উপজেলার সেরকোল গ্রামের হালিমা বিবি ও তাজপুর গ্রামের সেকেন্দার আলী জানান, প্রতিমন্ত্রী পলক নিজ খরচে তাদের সবাইকে সিংড়া থেকে ঢাকায় আনেন এবং মোহাম্মদপুর দৃষ্টি হাসপাতালে চোখের চিকিৎসা করিয়েছেন। সেখানে থাকা ও খাওয়ার সব ব্যবস্থা করেছেন প্রতিমন্ত্রী। তার এ মহানুভবতার কথা চিরদিন স্মরণে থাকবে।

প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী রুহুল আমিন জানান, চিকিৎসা শেষে ৪১ জন নিজ নিজ বাড়ি ফিরে গেছেন। এর আগে প্রতিমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে প্রথম দফায় আরও ৪০ জনের ছানি অপারেশন করানো হয়েছে। পর্যায়ক্রমে আরও দেড় শতাধিক রোগীর ছানি অপারেশন করানো হবে বলে জানান তিনি।

এদিকে, প্রতিমন্ত্রীর সহধর্মিনী আরিফা জেসমিন কনিকা আগত রোগীদের খোঁজ নিতে শনিবার মোহাম্মদপুর দৃষ্টি চক্ষু হাসপাতালে গেলে রোগীরা আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় আরিফা জেসমিন প্রতিমন্ত্রী পলকের পক্ষে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি বলেন, ‌‘আপনাদের সন্তান পলক বিপদে-আপদে সব সময় পাশে আছেন এবং থাকবেন। আপনারা শুধু তার জন্য দোয়া করবেন।’