ঈদের আগেই সক্রিয় জাল নোট তৈরি ও সরবরাহকারীরা
নিউজ ডেস্ক : ঈদ বা বড় কোনও উৎসবেই সক্রিয় হয়ে ওঠে জাল নোট তৈরি ও সরবরাহকারী চক্র। এবারও তার ব্যতিক্রম হয়নি। কয়েকটা রোজা না যেতেই সক্রিয় হয়ে উঠছে জাল নোটের চক্র।
ইউএনবির খবর সূত্রে জানা গেছে, শুক্রবার রাজধানী থেকে জাল নোট তৈরি ও লেনদেন চক্রের তিন সন্দেহভাজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা কামরাঙ্গীরচর ও চকবাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারের পাশাপাশি প্রায় ৪৬ লাখ টাকার জাল নোট জব্দ করে।
গ্রেপ্তার তিনজন হলেন- জীবন ওরফে সবুজ (২৮), জামাল উদ্দিন (৩২) ও বাবুল ওরফে বাবু (২৪)।
সহকারী পুলিশ কমিশনার রফিকুল আলমের নেতৃত্বে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল ৫টা ১০ মিনিটে কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুর এলাকার এক বাড়িতে অভিযান চালায়।
এ সময় সবুজ ও জামালকে গ্রেপ্তার এবং তাদের কাছ থেকে ৭ লাখ বাংলাদেশি জাল টাকা উদ্ধার করা হয়।
তাদের দেয়া তথ্য অনুযায়ী, সন্ধ্যা ৭টা ২০ মিনিটে চকবাজারের ইসলামবাগের এক বাড়িতে আরেক অভিযান চালিয়ে ৩৮ লাখ ৬৮ হাজার টাকার জাল নোটসহ বাবুকে গ্রেপ্তার করা হয়।
সেই সঙ্গে ডিবি একটি ল্যাপটপ ও দুটি প্রিন্টারসহ জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করে।
ডিএমপির উপকমিশনার (গণমাধ্যম) মাসুদুর রহমান বলেন, গ্রেপ্তার তিনজন জানিয়েছেন যে তারা জব্দ করা সরঞ্জামগুলো ব্যবহার করে জাল টাকা ছাপিয়ে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরে লেনদেন করতেন। আরটিভি অনলাইন










