বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব ইজতেমার আধুনিক ভাবনা

bissho istema 2015 (7)_202115স্টাফ রিপোর্টার:‘প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে তুমি আরো আরো দাও প্রাণ’। কবিগুরু এখানে প্রাণে স্পন্দন বা চেতনার জোয়ার আসুক সেই প্রার্থনা করেছেন। প্রাণের মূল্য কে না বোঝে? স্পন্দন বা চেতনাহীন প্রাণের কোনো মূল্য নেই। চেতনাহীন প্রাণ কোমায় চলে যাওয়া মানুষের মতো। সচল প্রাণের মূল্য সবাই বুঝে। কিন্তু সে প্রাণ যদি প্রাণের মানুষকে না চিনে, মনের মানুষকে না বুঝে, সে প্রাণের কোনো দাম নেই। সে প্রাণ পশুতুল্য। আল কোরআনের ভাষায়, ‘উলায়িকা কাল আনয়াম’ তারা পশু সদৃশ। ‘বালহুম আদাল’ বরং তার চেয়েও নিকৃষ্ট। ‘উলায়িকা হুমুল গাফিলুন’ আর তারা চেতনাহীন বা নির্মোহ। ইমাম গাজ্জালি এ ব্যাপারে ‘কিমিয়ায়ে সাআদাত’ গ্রন্থে বিস্তারিত আলোচনা করেছেন। এই গাফেল মানুষকে কামেল মানুষ বানানোর জন্য যুগে যুগে আল্লাহ নবী-রাসূল পাঠিয়েছেন, যাতে মানুষ তার মর্যাদা বা দাম বুঝতে পারে। বিশ্ব চরাচরে মানুষ আশরাফুল মাখলুকাত বা সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। কালামে পাকের ভাষায়, ‘অলাক্বাদ কাররামনা বানী আদাম।’ আল্লাহ বলেন, ‘আমি আদমের সন্তানদের সর্বোচ্চ সম্মানে ভূষিত করেছি।’ মানুষের সম্মান বা মূল্য কত এ প্রশ্নে জনৈক ভক্ত সুফি বাহালুল দানার শিষ্য গুরু নানকের কাছে গেলে তিনি তাকে একটি পাথরের নাগিনা দিয়ে বলেন, বাজারে গিয়ে এর দাম যাচাই করে এসো। গুরুর কথামতো সে বাজারে গিয়ে এক ঠোঙ্গা-বিক্রেতার কাছে বলে ভাই এর দাম কত হবে? ঠোঙ্গাঅলা পাথর দেখে বলেন, পাথরটি তো খুব সুন্দর ঝিলিক দিচ্ছে এর প্রকৃত মূল্য জানি না তবে এক ডজন ঠোঙ্গার বিনিময়ে আমার কাছে তা বেচতে পারো। ভক্ত বলেন, বিক্রি করা গুরুজির নিষেধ। দাম যাচাই করতে হবে বলে সামনে গিয়ে এক সবজিঅলাকে জিজ্ঞেস করলে তিনি বলেন, পাথরটি তো খুব দামি মনে হচ্ছে। আমি এক বস্তা আলুর বিনিময়ে এটা রাখতে পারি। বিক্রি করা গুরুর নিষেধ বলে ভক্ত সামনে গিয়ে এক স্বর্ণকারের কাছে জানতে চাইলে তিনি বলেন, এটা মনে হয় খুব দামি পাথর প্রকৃত দাম তো জানি না। তবে পাঁচটি মোহরের বিনিময়ে আমার কাছে তা বিক্রি করতে পারো। বিক্রি করা গুরুর নিষেধ বলে এবার দাম যাচাইয়ের জন্য জহুরি বা রত্ন বিক্রেতার কাছে গেলে তিনি বলেন, এটা তো অমূল্য রত্ন, দুনিয়ার কোনো বস্তু দিয়ে এর মূল্য যাচাই সম্ভব নয়। তুমি যে মূল্যে তা বিক্রি করতে চাও সেটাই এর দাম। এ কথা শুনে ভক্ত গুরুজির কাছে গিয়ে বলেন, পাথরের মূল্য আমার জানার দরকার কী? আমি আমার বা মানুষের মূল্য জানতে চাই। এবার গুরু বলেন, মানুষ কোনো দামে বিক্রি হয় না বাপু। মানুষ হল খোদার প্রতিভু। জিল্লুল্লাহি ফিল আরদ্ব। হ্যাঁ তুমি যদি মনে কর দুনিয়ার বস্তুতে বিক্রি হবে তবে কাগজের ঠোঙ্গা বা আলু-পোটল কিংবা পার্থিব বিত্তবৈভবের বিনিময়ে বিক্রি হতে পারো। যদি তাই চাও তবে সিদ্ধপুরুষ বা ইনসানে কামেল হতে পারবে না।

মানুষকে ইনসানে কামেলে পরিণত করার জন্য আল্লাহ যুগে যুগে নবী-রাসূল পাঠিয়েছেন। নবী মোহাম্মাদুর রাসূলুল্লাহ (সা.)-এর মাধ্যমে রিসালাত ও নবুয়তের যুগ শেষ হয়ে গেলে এ দায়িত্ব উম্মতে মোহাম্মদীর ওপর অর্পিত হয়। বিদায় হজের দিনে বাল্লিগু আন্নি অলাও আয়াতিন। আমার পক্ষ থেকে দ্বীনের বাণী দূরবর্তীদের কাছে পৌঁছে দিও, বলে সমগ্র উম্মতের ওপর এ দায়িত্ব অর্পণ করে গেছেন। ইতিহাস সাক্ষী, ওই আরাফাত ময়দান থেকেই বিশ্বময় ছড়িয়ে দাওয়াতে তাবলিগের কাজের আঞ্জাম দিয়েছেন সাহাবিরা। পরে সাহাবিদের অনুসারী তাবেঈন, তাবে তাবেঈন, আউলিয়ায়ে কামেলিনদের মাধ্যমে কোথাও খানকা, কোথাও দরগা-দরবার, কোথাও মসজিদ-মাদ্রাসাকেন্দ্রিক ওয়াজ নসিহতের মাধ্যমে তাবলিগের কাজ চলে আসছে। তাবলিগ হল দ্বীনের প্রাণ। নিস্পৃহ দেহ যেমন নিশ্চল থাকে, প্রচার বা তাবলিগবিহীন দ্বীন বা ধর্ম নিষ্প্রভ থাকে। এ উপলব্ধি থেকে গেল শতাব্দীর গোড়ার দিকে এই উপমহাদেশের একদল দ্বীনি মুবাল্লিগ আধুনিক তাবলিগ জামাতের রাহনুমা মাওলানা ইলিয়াস হজরতজির নেতৃত্বে দ্বীনি হুক্কুল আহকামের বাস্তব আমলভিত্তিক এক দাওয়াতি কার্যক্রম শুরু করেন। ওই সময় আমাদের এ অঞ্চলের তোলাবায়ে দ্বীন যারা দেওবন্দ সাহারানপুর এবং কলকাতা মাদ্রাসায় পড়াশোনা করতেন তাদের মধ্যে অন্যতম খুলনার মাওলানা আবদুল আজ্জি, ফরিদপুরের মাওলানা শামসুল হক ফরিদপুরী, চট্টগ্রামের ব্যারিস্টার সানাউল্লাহ, সোনারগাঁয়ের মাওলানা নুরুল ইসলাম লালপুরী শাহ। তারা এ কাজে উদ্বুদ্ধ হয়ে ১৯৪৬ সালে খান মুহাম্মদ মসজিদ ঢাকায় এর কার্যক্রম শুরু করেন। তাদের সহযোগী ছিলেন ঢাকার ইঞ্জিনিয়ার হাজী আবদুল মুকীত ইঞ্জিনিয়ার, নোয়াখালীর মাওলানা মুনির আহমদ, হাজী সিরাজুল ইসলাম, ক্বারী আম্বর আলী, ভোলার মাওলানা আবুল ফাত্তাহ। পরে তাদের প্রচেষ্টায়ই টঙ্গীতে বিশ্ব তাবলিগ জামাতের বার্ষিক ইজতেমা শুরু হয় এবং স্বাধীনতা-উত্তরকালে বঙ্গবন্ধুর অনুমোদনে সেখানে বিশ্ব ইজতেমার কাজ চলতে থাকে।
বিশ্ব ইজতেমার আধুনিক ভাবনা
ইংরেজিতে একটি প্রবাদ আছে survival of the fittest যোগ্যতমই টিকে থাকে। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় নবী-রাসূলরা দ্বীনের বাণী প্রচার করার ক্ষেত্রে নিজ নিজ জাতি-গোত্রের দাওয়াতের পদ্ধতি অনুসরণ করেছেন। নবী মূসা (আ.)-এর দাওয়াতের পদ্ধতি কোরআনে উল্লেখ আছে এভাবে, রাব্বি ইন্নি দাআওতু ক্বাওমি লাইলান ওয়ানাহারা। হে আল্লাহ, আমি আমার জাতিকে রাত-দিনে দাওয়াত দিয়েছি। কেউ কেউ বাণিজ্য কাফেলায় থেকে কেউ মেষপালকদের সঙ্গে থেকে তাবলিগের কাজ করেছেন। আমাদের প্রিয় নবী (সা.) মক্কী জীবনে পাহাড়ে উঠে কাপড় নেড়ে লোক জড়ো করে কখনও ওকাজ মেলায় গিয়ে দাওয়াত ও তাবলিগের কাজ করেছেন।
মাদানি জীবনে বিভিন্ন গোত্রপতি রাজা-বাদশাহদের কাছে চিঠিপত্রের মাধ্যমে দাওয়াতের কাজ করেছেন। এতে বুঝা যায়, মূল বিষয় ঠিক রেখে ভিন্ন ভিন্ন পদ্ধতি অবলম্বন করে দাওয়াত দেয়া এবং তাবলিগের কাজ করা নবী-রাসূলদের সুন্নত। কিন্তু আমরা প্রায় ৫০ বছর ধরে দেখছি তাবলিগের মুরব্বিরা দাওয়াতের একই পদ্ধতি অনুসরণ করে চলছেন। আমরা মনে করি এ দাওয়াতে তাবলিগের ক্ষেত্রে প্রচার-প্রসারের আধুনিক সব পদ্ধতি গ্রহণ করা উচিত। নতুবা আধুনিক প্রজন্ম দাওয়াতি কার্যক্রম থেকে বিমুখ থেকে দাওয়াতে দ্বীনের বাইরে থাকবে। এ ক্ষেত্রে ইন্টারনেট, ফেসবুক, টুইটারসহ রেডিও-টিভিকে দাওয়াতি কাজে ব্যবহার করা উচিত। কারণ এসব পদ্ধতি উপকরণগুলো মানব জাতির জন্য আল্লাহর বিশেষ নেয়ামত বা অনুগ্রহ মাত্র। কালামে পাকের ভাষায়, ‘ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস্সামাওয়াতি অমা ফিল আরদ্ব।’ অর্থাৎ আসমান-জমিনে যা কিছু আছে সবাই আল্লাহর তাসবিহ পাঠ করে। সুতরাং রেডিও-টিভি, ইন্টারনেট যন্ত্র হিসেবে দোষী নয় দোষী এর ব্যবহারকারী। কোন কাজে কে কীভাবে ব্যবহার করছে। যেমন ছুরি-চাকু দিয়ে ডাক্তাররা চিকিৎসা করে আর ডাকাত-সন্ত্রাসীরা ত্রাস সৃষ্টি করে লুটতরাজ করে। এতে চাকু-ছুরির কোনো দোষ নেই।
বাংলায় একটি প্রবাদ আছে, ‘পতিত জমি খালি থাকে না’ সেখানে কিছু না কিছু জন্মে। হয় আগাছা না হয় নল খাগড়া। এক ফাঁকে সাপ, বিচ্ছু, হিংস্র জন্তু সেখানে বসত করে লোকালয়ে হামলা করে আমাদের সম্পদহারা করে। তেমনি ইন্টারনেটের উন্মুক্ত আকাশে সহি দ্বীনি প্রোগ্রাম না থাকায় আধুনিক প্রজন্ম কৌতূহলবশত ইন্টারনেট-ফেসবুক ঘাটতে গিয়ে ঈমান বিধ্বংসী সংস্কৃতি নামক সাপ, বিচ্ছু, হিংস্র জানোয়ার ঈমানের প্রাসাদে ছোবল মেরে আমাদের ঈমানহারা করে সামাজিক-পারিবারিক মূল্যবোধ ধ্বংস করে সমাজ-রাষ্ট্রকে বিষিয়ে তুলছে। আল্লাহ আমাদের বিশ্ব ইজতেমার উসিলায় মুরব্বিদের দূরদর্শিতা ও দোয়ার বরকতে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ জিন্দা রাখুন। আমিন।