তরুণ ও ছাত্ররাই পারে এরশাদের আদর্শ ঘরে ঘরে পৌছে দিতেঃ জিএম কাদের
আজকের ছাত্র আগামীর ভবিষ্যৎ। তরুণ ও ছাত্ররাই পারে এরশাদ আদর্শ ও জাপা শাসনামলের উন্নয়ন কর্মকাণ্ড নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের । বুধবার দুপুরে জাপার বনানী কার্যালয়ে জাপার নবনিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে শুভেচ্ছা জানাতে এলে ছাত্রনেতাদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
এসময় জাপার মহাসচিব মশিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য এমএ কাশেম, যুগ্ম-মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, মোস্তাকুর রহমান মোস্তাক, হাসিবুল ইসলাম জয় শফিকুর রহমান শফিক, নোমান মিয়া, শফিউল্লাহ শফি, মনিরুল ইসলাম মিলন, ফখরুল আহসান শাহাজাদা, আব্দুল হামিদ ভাসানী, সৈয়দ ইফতেখার আহসান, মিজানুর রহমান মিরু, মোড়ল জিয়া, ইয়াসিন মিছবাহ, শাহ-ই-আজমসহ ছাত্রসমাজের কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।
মুল অনুষ্ঠান শুরুর পূর্বে সভাস্থলেই ছাত্রসমাজের দুটি গ্রুপের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে উত্তেজিত কর্মীরা ছাত্রসমাজের কেন্দ্রীয় আহবায়ক মোড়ল জিয়াকে লাঞ্চিত করেন। সভায় উপস্থিত সাবেক ছাত্রনেতারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছাত্রসমাজের উভয় পক্ষের সাথে বৈঠক করেন।
ধাওয়া- পাল্টা ধাওয়ার খবর পেয়ে বিপুলসংখ্যক পুলিশ অবস্থান নেন বনানী জাপা অফিসে। এ পরিস্থিতির জন্য যারাই দায়ী তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে জানান জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের।










