মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে অপহরণ, ঢাকায় হত্যা : সিঙ্গাপুর থেকে মিলল খুনির তথ্য

news-image

নিউজ ডেস্ক।। প্রথমে ইয়াবা সেবন করানো হয় কিশোর আশিক মাহমুদকে। এরপর গোপনে কাচের বোতলে ফেনসিডিলের মধ্যে মিশিয়ে খাওয়ানো হয় সাতটি ঘুমের ওষুধ। কিছুক্ষণের মধ্যেই সে ঘুমে ঢুলে পড়ে প্রতিবেশী বড় ভাই শামীম হোসেন ওরফে বদুর কোলে। জড়ানো গলায় জানতে চায়, ‘শামীম ভাই, কী খাওয়ালেন? শরীর ভালো লাগছে না। অস্থির লাগছে। ঘুম পাচ্ছে খুব।’ একপর্যায়ে নিস্তেজ হয়ে পড়ে আশিক। আর তখনই তার জামা খুলে সেটি দিয়ে গলা পেঁচিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করে শামীম। লাশ গুম করতে পুকুরের কচুরিপানার নিচে ঢুকিয়ে রাখা হয় হাত বেঁধে।

হত্যাকাণ্ডটি ঘটে গত ২৪ মার্চ রাতে, ঢাকার আশুলিয়ার নলার উত্তরপাড়ার একটি নির্জন পুকুরপাড়ে। এর ১০ দিন পর আশুলিয়া থানা পুলিশ পুকুর থেকে অজ্ঞাত হিসেবে আশিকের অর্ধগলিত লাশ উদ্ধার করে। পরিচয় না মেলায় আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয় লাশটি। হত্যাকাণ্ডের দিনই যশোর থেকে প্রতিবেশী শামীম দাখিল পরীক্ষা দেওয়া আশিককে অপহরণ করে নিয়ে এসেছিল ঢাকায়। খুন করার পর দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে আশিকের সিম ব্যবহার করে তার মা-বাবার কাছে ফোন করে সে। কিন্তু তারা ঘুণাক্ষরেও টের পাননি, আশিক আর বেঁচে নেই এবং তাদের প্রতিবেশী শামীমই মুক্তিপণ দাবি করে ফোন করেছে। শামীমকে গ্রেফতারের আগে পুলিশেরও অজানা ছিল আশিক খুন হওয়ার বিষয়টি। একটি বিকাশ নম্বরের সূত্র ধরে সিঙ্গাপুর থেকে তার তথ্য পায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর পরই গত ২ মে ঢাকার ধামরাই থেকে শামীম (৩০) ও তার সহযোগী সাহাব উদ্দিনকে (২২) গ্রেফতারের পর বেরিয়ে আসে আশিক হত্যা কাহিনী। মুক্তিপণের আশায় আশিককে অপহরণ এবং হত্যার দায় স্বীকার করে শামীম ঢাকার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে সাহাব উদ্দিনও। অপহরণ ঘটনায় জড়িত অপর আসামি সাব্বির পলাতক।

তদন্ত-সংশ্নিষ্ট সূত্র জানিয়েছে, নিহত আশিক ও প্রধান আসামি শামীমের বাড়ি যশোরের ঝিকরগাছা থানার আটুলিয়া মোল্লাপাড়ায়। অপর আসামি সাহাব উদ্দিন ও সাব্বিরের বাড়িও ঝিকরগাছা থানা এলাকায়। শামীম, সাহাব উদ্দিন ও সাব্বির পরিকল্পনা করে- মানুষ অপহরণ করে মুক্তিপণ হিসেবে টাকা আদায় করবে তারা। তবে আশিককেই যে অপহরণ করবে, এমন সিদ্ধান্ত প্রথমে ছিল না। সুযোগ পেয়ে ২৪ মার্চ আশিককে ফুসলিয়ে ঢাকায় নিয়ে আসে শামীম। বিকেলে সাভারে নামে। সেখান থেকে তাকে নিয়ে আশুলিয়া থানার নলার উত্তরপাড়ায় এক পুকুরপাড়ে যায়। সেখানে ইয়াবা সেবন ও ফেনসিডিলের মধ্যে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে ধামরাইয়ে এক বন্ধুর বাসায় নিয়ে আটকে রাখার পরিকল্পনা ছিল। তারপর দুই লাখ টাকা মুক্তিপণ আদায়ের পরিকল্পনা। কিন্তু ফেনসিডিলের সঙ্গে ঘুমের ওষুধ খাওয়ানোর একপর্যায়ে আশিককে খুন করে শামীম।

জানা যায়, আশিকের বাবার নাম ঠান্ডু ইসলাম। তিনি কৃষিকাজ করেন। তার দুই মেয়ে ও এক ছেলে আশিক। স্থানীয় একটি মাদ্রাসা থেকে সে এবার দাখিল পরীক্ষা দিয়েছিল। আজ তার ফল প্রকাশ। আশিকের বড় বোন সুরাইয়া ইয়াসমিন রিয়া বলেন, ‘রোববার একমাত্র ভাইয়ের রেজাল্ট। কত আশা ছিল, রেজাল্টের পর সে যশোরে ভর্তি হয়ে পড়ালেখা করবে। রেজাল্ট জানতে পারবে না সে। আমি ভাইয়ের রেজাল্ট আনতে মাদ্রাসায় যাব।’ কথাগুলো বলতেই গলা ধরে আসে সুরাইয়ার।

সুরাইয়া জানান, ২৪ মার্চ সকালে আশিক কলেজ ব্যাগ কিনতে যশোরে যায়। তিন ঘণ্টা পর তিনি আশিকের মোবাইল ফোনে কল করেন। দু’বার কল করেও সাড়া মেলেনি। তৃতীয়বার ফোন বন্ধ পাওয়া যায়। কোথাও খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে পরে ঝিকরগাছা থানায় সাধারণ ডায়েরি করা হয় পরিবারের পক্ষ থেকে। এরই মধ্যে আশিকের মোবাইল নম্বর থেকে তার বাবাকে ফোন করে অজ্ঞাত ব্যক্তি মুক্তিপণ হিসেবে দুই লাখ টাকা দাবি করে। বিষয়টি ঝিকরগাছা থানা পুলিশকে জানানো হয়। পুলিশ যখন ঘটনার সঙ্গে শামীম জড়িত থাকার বিষয়টি তাদের জানায়, তখন তারা বিশ্বাসই করতে পারছিলেন না। তাদের বাড়ির দুটি বাড়ির পরই শামীমদের বাড়ি। প্রতিবেশী বড় ভাই হিসেবে শামীমকে খুবই মান্য করত আশিক।

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা মুক্তিপণ দাবির বিষয়টি ২৭ এপ্রিল ডিবিকে জানান। এরপরই ডিবি ছায়াতদন্ত শুরু করে। আশিকের সিম নতুন মোবাইল ফোনে ঢুকিয়ে মুক্তিপণ দাবি করায় প্রথমে আসামিদের শনাক্ত করা যাচ্ছিল না। তবে মুক্তিপণের টাকা নেওয়ার জন্য আশিকের পরিবারকে একটি বিকাশ নম্বর দিয়েছিল শামীম। তথ্যপ্রযুক্তির সহায়তায় ডিবি জানতে পারে, নম্বরটি দক্ষিণখান এলাকার। এটি একটি এজেন্ট নম্বর। পুলিশ সেখানে যোগাযোগ করে জানতে পারে, সিঙ্গাপুরপ্রবাসী উজ্জ্বল ওই দোকানিকে বলেছে, বিকাশ নম্বরে টাকা আসবে। পুলিশ যোগাযোগ করে উজ্জ্বলের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত উজ্জ্বলও জানতেন না, অপহরণের ঘটনায় বিকাশ নম্বর নিয়েছিল শামীম।

ডিবির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মহরম আলী বলেন, প্র্রথমে অপহরণকারী হিসেবেই আসামি খোঁজা হচ্ছিল। এটি একেবারেই ক্লু-লেস একটি ঘটনা। শামীম সিঙ্গাপুরপ্রবাসী উজ্জ্বলের কাছ থেকে বিকাশ নম্বরটি নিয়েছিল এবং সেটিই মুক্তিপণের জন্য আশিকের পরিবারের কাছে দিয়েছিল। উজ্জ্বলের সঙ্গে কথা বলার পর শামীম সম্পর্কে তথ্য পাওয়া যায়। এরপরই শামীম ও তার সহযোগী সাহাবকে গ্রেফতার করা হয়। আশিককে খুন করা হয়েছে বলে জানায় শামীম। এ তথ্য পাওয়ার পর আশুলিয়া থানায় যোগাযোগ করে ডিবি জানতে পারে, ৪ এপ্রিল অজ্ঞাত হিসেবে পুকুর থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে ছবি মিলিয়ে আশিকের লাশ শনাক্ত করা হয়।

আশুলিয়া থানার এসআই আবদুস সালাম জানান, লাশ উদ্ধারের পর অজ্ঞাতনামা আসামি করে পুলিশ বাদী হয়ে থানায় হত্যা মামলা করে। তিনি মামলাটির তদন্ত কর্মকর্তা। শামীম ও তার সহযোগী সাহাব উদ্দিনকে ধামরাই থেকে গ্রেফতারের পর ৩ মে আদালতে হাজির করা হয়েছে। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আশিককে কীভাবে হত্যা করা হয়েছে, তা বিস্তারিত বর্ণনা করেছে শামীম। শামীম একাই আশিককে খুন করে। তবে অপহরণ ও হত্যার বিষয়টি জানত সাহাব উদ্দিন ও পলাতক সাব্বির। সাব্বিরকে গ্রেফতারে অভিযান চলছে। উৎস: সমকাল।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক