শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদাবাজির সময় দুই হাতি আটক, মাহুতদের কারাদণ্ড

news-image

রাজধানীর কারওয়ান বাজারে হাতি নিয়ে ভয় দেখিয়ে বিভিন্ন ব্যক্তি ও দোকান থেকে টাকা তোলার সময় দুটি হাতিকে আটক করেছে র‍্যাব। এসময় চাঁদাবাজির অভিযোগে হাতি দুটির দুই মাহুতকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৩ মে) বিকেল ৪টার দিকে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্ব এই অভিযান চালানো হয়।

তিনি জানান, জনগণকে হয়রানি ও ভয় দেখিয়ে টাকা নেয়ার অভিযোগে দুটি হাতিকে আটক করা হয়েছে। চাঁদাবাজির অভিযোগে দুই মাহুতকে দুই বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, এটা নিঃসন্দেহে চাঁদাবাজি। সম্প্রতি রাজধানীতে এ ধরনের চাঁদাবাজি বেশি দেখা যাচ্ছে। তবে এই চাঁদাবাজি কঠরভাবে দমন করা হবে। হাতি দিয়ে এভাবে আর কোথাও চাঁদাবাজি করতে দেখা গেলে কঠর ব্যবস্থা নেয়া হবে। র‍্যাব-২ এর কর্মকর্তা ফারুক জাগো নিউজকে বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী হাতি দুটিকে উদ্ধার করে মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, এর আগে গত ২৩ এপ্রিল কিশোরগঞ্জের কুলিয়ারচর ‘চাঁদাবাজ’ হাতির আক্রমণের শিকার হয়ে গুরুতর আহত হন রিকশাচালক আব্দুল বাতেন (৪৫)। দাবি করা চাঁদা না দেয়ায় তাকে শুঁড়ে তুলে আছাড় দেয় হাতি। এ ঘটনায় আহত বাতেনের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা করেন। পরে হাতির মাহুত এনামুল হককে (১৫) গ্রেফতার করে পুলিশ। এছাড়াও প্রায়ই দেশের বিভিন্ন স্থানে হাতির মাধ্যমে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যায়।