নুসরাতের বাড়িতে জ্যোতি
বিনোদন ডেস্ক ।। যৌন নিপীড়ন বিরোধী শিক্ষার্থীজোট গত ৩০শে এপ্রিল নুসরাত হত্যার বিচারের দাবিতে ঢাকা টু সোনাগাজী এক রোডমার্চের আয়োজন করে। এই আয়োজনে অংশ নেন জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। ‘যৌন নিপীড়ন বিরোধী শিক্ষার্থীজোট’ একটি সামাজিক সংগঠন যারা নারী নির্যাতন প্রতিরোধ ও নারী অধিকার নিয়ে দেশজুড়ে কাজ করে। জ্যোতি বলেন, সংগঠনটি আমাকে অনুরোধ করে তাদের সঙ্গে যোগ দেয়ার জন্য। আমারও ভীষণ খারাপ লাগছিল নুসরাতের জন্য। এত সুন্দর, নিষ্পাপ একটা মুখ মনে পড়লেই বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। শুধু নুসরাত কেন, একজন নারী হিসেবে যে কোনো নারী নির্যাতনের ঘটনাই আমাকে পীড়া দেয়। তাই মনের তাগিদেই ওদের সঙ্গে যোগ দেই। আমরা কুমিল্লা, ফেনী, সোনাগাজীর কয়েকটি পথসভা করে নুসরাতের কবরে শ্রদ্ধা জানাই ও তার বাড়িতে যাই।
সেখানে গিয়ে অদ্ভুত অনুভূতি হচ্ছিল। গিয়ে দেখলাম মানুষের মাঝে একধরনের প্রতিবাদের ভাষা তৈরি হয়েছে। কিন্তু সব ভাষা হারিয়ে শীতল চোখে শুধু চেয়ে থাকে নুসরাতের মা। আমি ধর্ষণের সর্বোচ্চ শাস্তি দাবি করি এবং তা দ্রুত কার্যকর হোক তা চাই। কারণ একটা অপরাধের বিচারহীনতাই আরেকটি অপরাধ ঘটার সুযোগ করে দেয়। উল্লেখ্য, জ্যোতি ছাড়াও এই রোডমার্চে যোগ দেন এবং বক্তব্য রাখেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সহ-সাধারণ সম্পাদক সংগীতা ইমাম, ওয়ার্ল্ড এন্টি টেরোরিজম অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক জিন্নুরাইন উল্লাস, ঢাবি জাসদ ছাত্রলীগের সভাপতি মাসুদুর রাহাত, মানবাধিকার কর্মী সংগীতা ঘোষ, সমাজকর্মী মাহফুজা হক এবং নিপীড়নবিরোধী শিক্ষার্থীজোটের আহ্বায়ক শিবলী হাসান।










