রংপুরে নির্যাতন সইতে না পেরে নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা : স্বামী আটক
রংপুর প্রতিনিধি : রংপুরের মিঠাপুকুরের যাদবপুর গ্রামে স্বামীর নির্যাতন সইতে না পেরে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যা চেষ্টা করেছে আইনুন নাহার তন্বী নামে এক গৃহবধু। আগুনে ˜গ্ধ হয়ে তার শরীরের শতভাগ পুড়ে গেছে। আশংকাজনক অবস্থায় অগ্নিদগ্ধ গৃহবধূ আয়নুন নাহার তন্বীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়ছে। এদিকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে তার স্বামী অহিদুল ইসলাম ওয়াসিমকে আটক করেছে পুলিশ। তবে এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি।
মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ জাফর আলী জানান, ৭বছর আগে খাফ্রিখাল ইউনিয়নের আবুল হোসেনের ছেলে ওহিদুল ইসলাম ওয়াসিমের সাথে খোর্দ্দমহাদিপুর গ্রামের আব্দুল রশিদের মেয়ে আইনুন নাহার তন্বীর বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মাঝে পারিবারিক বিরোধ চলছিল। একাধিকবার পারিবারিকভাবে এ বিষয়ে শালীস বৈঠক হলেও তা নিরসন হয়নি। ঘটনার দিন আজ বৃহস্পতিবার অনুমান বেলা সাড়ে ১১টায় তাদের ৪ বছরের ছেলে তুষারকে স্ত্রী আইনুন নাহার তন্বী মারধোর করলে এ নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে বিবাদ শুরু হয়। এক পর্যায়ে স্বামীর নির্যাতন সইতে না পেরে ঘরের ভেতর গিয়ে কেরোসিন তেল ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন। পরে পরিবারের লোকজন অগ্নিদগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে যায়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছে।
এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সরেজমিনে গিয়ে দেখা যায় সেখানে তার মা শাহনাজ বেগম(৫৯) মেয়ের পাশে বসে অঝোরে কাঁদছেন।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান চিকিৎসক মারুফুল ইসলাম জানান, আয়নুন নাহার তন্বীর শরীর শতভাগ আগুনে দগ্ধ হয়েছে। তার বেঁচে থাকার সম্ভবনা খুবই কম। তবুও আমরা শতভাগ চিকিৎসার ব্যবস্থা করছি। তিনি আরও জানান, তাকে হাসপাতালে আনার পর তিনি তাকে চিকিৎসক হিসেবে অগ্নিদগ্ধ হওয়ার কারণ জানতে চান। এ সময় আয়নুন নাহার তন্বী জানায়, তার স্বামীর সাথে প্রায় পারিবারিক বিরোধ লেগে থাকত। তার স্বামী তাকে প্রায় সময় মানসিক ও শারিরীক নির্যাতন করত। এ নিয়ে বহুবার সে স্বামী বলেছে এমন করলে আমি আত্মহত্যা করতে বাধ্য হবো। সে আমাকে আত্মহত্যা করতে বলতো। ঘটনার দিনেও আমার সাথে বিবাদ শুরু হলে আমি একই কথা বললে সে বলে আত্মহত্যা করিস না কেন। তখন আমি ঘরে রাখা কেরোসিন তেল গায়ে ঢেলে নিজে শরীরে আগুন ধরিয়ে দেই। ওই চিকিৎসক জানিয়েছেন তারা এ ঘটনাকে আত্মহত্যার চেষ্টা হিসেবে নথিপত্রে রেকর্ড করেছেন।
ওই গৃহবধূও মা শাহনাজ বেগম, বলেন আমরা কিছুই জানি না। মেয়ে আগুনে পুরে যাওয়ার খবর পেয়ে হাসপাতালে এসেছি। তিনিও দাবি করেন তন্বীর স্বামী প্রায় মেয়েকে অত্যাচার করতো। এ কারণে এ ঘটনা ঘটেছে।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ বলেন, পুলিশ প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য তার স্বামীকে আটক করেছে। তারা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবেন। এখনো কেউ থানায় অভিযোগ করেনি।










