মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নৌপথে সরকারের বিশেষ নির্দেশনা

news-image

নিউজ ডেস্ক : পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে নৌপথে যারা বাড়ি ফিরবেন তাদের সুবিধার্থে কিছু নির্দেশনা দিয়েছে সরকার। সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে এ সব নির্দেশনা দিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়। মঙ্গলবার (৩০ এপ্রিল) ঢাকায় মতিঝিলে বিআইডব্লিউটিএ ভবনে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে লঞ্চ, ফেরি ও অন্যান্য জলযান সুষ্ঠুভাবে চলাচল, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণ সংক্রান্ত সভায় এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানিয়েছেন, ‘ঈদের সময় নৌপথ সবার জন্য আনন্দময় করতে সরকার যথাযোগ্য চেষ্টা করে যাচ্ছে। এ বছর যে সব নির্দেশনা দেওয়া হয়েছে তা বাস্তবায়নে সংশ্লিষ্টরা সচেষ্ট থাকবেন। আশা করছি, এবার ঈদে সবার নৌযাত্রা শুভ হবে।’

জানা গেছে, নির্দেশনা অনুযায়ী ঢাকার সদরঘাটে শৃঙ্খলা রক্ষা ও যাত্রীদের নিরাপত্তা বিধানের জন্য ট্রাফিক পুলিশের পাশাপাশি আনসারসহ কমিউনিটি পুলিশের ব্যবস্থা থাকবে। সদরঘাট থেকে বাহাদুরশাহ পার্ক পর্যন্ত রাস্তা হকারমুক্ত রাখা হবে। সদরঘাটে পর্যাপ্ত সংখ্যক স্টিলের ডাস্টবিন স্থাপন করা হবে এবং জনগণকে ডাস্টবিন ছাড়া নদীতে বা পন্টুন ও গ্যাংওয়েতে ময়লা আবর্জনা ফেলতে নিরুৎসাহিত করা হবে। স্বেচ্ছাসেবক নিয়োজিত করে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করতে পর্যায়ক্রমে সব ঘাটে এ ব্যবস্থা চালু করা হবে। টার্মিনালসমূহে সতর্কমূলক বাণী মাইকে ও মনিটরে প্রচারের ব্যবস্থা করা হবে।

এছাড়া ঘাট ইজারাদারদের মাধ্যমে যাত্রী হয়রানি বন্ধে সংশ্লিষ্ট জেলা প্রশাসন, জেলা পুলিশ ও বিআইডব্লিউটিএ’র কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং লঞ্চে যাত্রী ওঠার সময় থেকে লঞ্চের চালক, মাস্টার ও অন্যান্য কর্মচারীদের অবস্থান নিশ্চিত করতে হবে। লঞ্চের অনুমোদিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায়ে এবং নদীর মাঝপথে নৌকায় করে যাত্রী উঠালে সংশ্লিষ্ট লঞ্চ মালিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। স্পিডবোটে চলাচলের সময় যাত্রীদের লাইফ জ্যাকেট পরিধান নিশ্চিত করতে হবে।

নৌপথে ডাকাতি, চাঁদাবাজি, শ্রমিক, যাত্রীদের হয়রানি ও ভীতিমূলক অবস্থা প্রতিরোধ করার জন্য রাতে পুলিশের টহলের ব্যবস্থা এবং নদীতে এলোমেলোভাবে ট্যাংকার, লঞ্চ, কোস্টার বার্জ ইত্যাদি চলাচল নিয়ন্ত্রণ করতে হবে। কোনোভাবেই লঞ্চের যাত্রী ও মালামাল ওভারলোড করা যাবে না। প্রত্যেক লঞ্চের সিড়িতে দুই পাশে প্রশস্ত রেলিং এর ব্যবস্থা করতে হবে। সদরঘাট, নদীর মাঝপথ থেকে নৌকা দিয়ে যাত্রী লঞ্চে/নৌযানে উঠতে না পারে তার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। এজন্য বাংলাদেশ কোস্টগার্ডকে নিয়োজিত করতে হবে। কেবিনের যাত্রীদের ছবি/মোবাইল নম্বর/জাতীয় পরিচয় পত্র নম্বর সংরক্ষণ করতে হবে।

নৌযানে পর্যাপ্ত বয়া এবং নৌপথে বাতি ও মার্কিং এর ব্যবস্থা করতে হবে। শিমুলিয়া- কাঁঠালবাড়ী (ইলিয়াস আহমেদ ফেরিঘাট) এবং পাটুরিয়া-দৌলতদিয়াসহ অন্যান্য সব নৌ-চ্যানেলে প্রয়োজনীয় ড্রাফট নিশ্চিত করতে হবে। ফেরিঘাট ব্যবস্থাপনা কমিটি সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে ঘাটে নির্বিঘ্ন সিরিয়াল প্রদানের ব্যবস্থা করবে। বিআইডব্লিউটিএ, জেলা প্রশাসন, ঢাকা, পুলিশ বিভাগ, লঞ্চ মালিক শ্রমিক কর্তৃপক্ষ, কোস্টগার্ডসহ লঞ্চ, স্টিমার মালিক ও শ্রমিক সংগঠনের কর্মকর্তাদের সমন্বয়ে সভা অনুষ্ঠান এবং সভার সিদ্ধান্ত বাস্তবায়নে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। সংশ্লিষ্ট জেলা প্রশাসক, পুলিশ সুপার, লঞ্চ মালিক, শ্রমিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিদের সমন্বয়ে সভা করে ব্যবস্থাপনার দিকসমূহ নির্ধারণ করবে। সার্বিক অবস্থা মনিটরিংয়ের জন্য নৌ-পরিবহন মন্ত্রণালয় প্রয়োজনীয় সংখ্যক ভিজিলেন্স টিম গঠন করবে।

ফেরিঘাট ও লঞ্চঘাটসমূহে অতিরিক্ত ভাড়া আদায় ও অতিরিক্ত যাত্রী বোঝাই নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। গার্মেন্টস ও নিটওয়্যর সেক্টরে ঈদের ছুটি পুনর্বিন্যাস করার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, এফবিসিসিআই, বিজেএমইএ, বিকেএমইএ এর সঙ্গে সভা করবে। সংশ্লিষ্ট জেলার নৌযান, নৌপথ, পরিবহনের সঙ্গে সম্পৃক্ত সবার সমন্বয়ে স্থানীয়ভাবে সচেতনতামূলক সভা করা হবে। শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ রুটে নৌ দুর্ঘটনা এড়ানোর জন্য পদ্মা নদীতে ঘূর্ণাবর্ত এলাকা মার্কিং করতে হবে। দৈব দুর্বিপাকে দুর্ঘটনায় ডুবে যাওয়া নৌযান, লঞ্চ, জাহাজের অবস্থান যাতে শনাক্ত করা যায় সেজন্য প্রত্যেক নৌ যান, লঞ্চ, জাহাজের ছাদের সঙ্গে ২০০ থেকে ৩০০ ফুট শক্ত রশি দিয়ে একটি বড় প্লাস্টিক কন্টেইনার, বয়া বেঁধে রাখতে হবে।

ঈদের আগের তিনদিন ও পরের তিন দিনসহ মোট ছয়দিন নিত্যপ্রয়োজনীয় পণ্য ছাড়া সাধারণ ট্রাক ও কাভার্ড ভ্যান ফেরিতে পারাপার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়।

সভায় নির্দেশনা অনুযায়ী ঈদের সময় লঞ্চের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে নৌপথে সব মাছ ধরার জাল পাতা বন্ধ রাখতে হবে। রাতে সব ধরনের মালবাহী জাহাজ, বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে। ১ জুন থেকে ৮ জুন পর্যন্ত দিনের বেলায়ও সব বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ রাখতে হবে।

নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘নৌ পরিবহন ব্যবস্থা আগের চেয়ে বেশি নিরাপদ। গত ১০ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার নৌপরিবহন ব্যবস্থার উন্নয়নে সামগ্রিক ব্যবস্থা গ্রহণ করেছে। সরকার ১০ হাজার কিলোমিটার নৌপথ খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। নৌপথ খননের জন্য ৪০০ থেকে ৫০০ ড্রেজার প্রয়োজন।’

তিনি জানান, ‘বঙ্গবন্ধুর সরকারের সময়ে বিআইডব্লিউটিএ’র ড্রেজার ছিল মাত্র সাতটি। বঙ্গবন্ধুকে হত্যার পর কোনও সরকারই ড্রেজার সংগ্রহের ক্ষেত্রে আন্তরিক ছিল না। গত ১০ বছরে সরকারি বেসরকারি মিলিয়ে প্রায় ২০০ ড্রেজার যুক্ত হয়েছে। আগামী এক বছরে আরও ১৫০ টির মতো ড্রেজার যুক্ত হবে।’
সূত্র : বাংলা ট্রিবিউন

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক