হঠাৎ করেই পাল্টে গেল রাজনীতির দৃশ্যপট
ডেস্ক রির্পোট : এমনটি হওয়ার কথা ছিল না। ছিল না কারো কল্পনাতেও। ৫ জানুয়ারির আগেই যে দেশে যুদ্ধংদেহী অবস্থা তৈরি হবে তেমন ধারণা ছিল না কারোরই।কিন্তু হঠাৎ করেই পাল্টে গেল রাজনীতির দৃশ্যপট। শনিবার মধ্যরাতে খালেদা জিয়াকে অবরুদ্ধ করার পর রবিবার অগ্নিগর্ভ হয়ে ওঠে দেশ। সারাদেশে ব্যাপক প্রতিক্রিয়া দেখিয়েছে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা।
অথচ এই সময়ে এমনটি হওয়ার কথা ছিল না। বিশেষ করে ৩১ ডিসেম্বর সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার ‘নরম’ অবস্থানের কারণে সবাই ধরেই নিয়েছিলেন যে আপাতত রাজনীতির মাঠ গরম হচ্ছে না।
তবে সেসব পূর্বাভাসকে ভুল প্রমাণ করে ৫ জানুয়ারির বিতকির্ত নির্বাচনের এক বছর পূর্তির আগের দিনই উত্তপ্ত হয়ে উঠে সারা দেশ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। নিষেধাজ্ঞা ভঙ্গ করেই ঢাকার বিভিন্ন স্থানে মিছিল ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
সব মিলিয়ে ঢাকাসহ বিভিন্ন স্থানে প্রায় অর্ধশত গাড়িতে অগ্নিসংযোগ কিংবা ভাঙচুর করা হয়েছে।বিএনপি নেতারাও কঠোর অবস্থানই নিয়েছেন। খালেদা জিয়া তো সাফ জানিয়েই দিয়েছেন যে তিনি ‘অবৈধ’ সরকারের নিষেধাজ্ঞা মানেন না, সোমবারের পূর্ব নির্ধারিত সমাবেশ হবেই।
এ অবস্থায় পরিস্থিতি আয়ত্বে রাখতে পুলিশ-র্যাবের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে। ঢাকায় প্রায় ১৭৭ জনসহ সারাদেশে ৪ শতাধিক লোককে গ্রেপ্তার করা হয়েছে। দূর পাল্লার বাস ও লঞ্চ চলাচল বন্ধ করে দিয়ে সারাদেশ কার্যত অবরুদ্ধ করে ফেলেছে সরকার। ঢাকা আবার বিচ্ছিন্ন হয়ে গেছে। তারপরও শাসকদল সোমবার মহড়া দেয়ার ঘোষণা দিয়েছে।
সব মিলিয়ে বলা যায়, রাজনৈতিক মাঠ আরো পরের দিকে উত্তপ্ত হতে পারে বলে যারা আশঙ্কা করেছিলেন তারা অবাক হয়ে দেখছেন মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই দৃশ্যপট পাল্টে গেছে।
রাজনৈতিক সংঘাত সহসাই আবার কোন পর্যায়ে পৌঁছায় তা নির্ভর করছে সরকার কতটা কঠোরতার পরিচয় দেয় কিংবা বিএনপি-জামায়াত জোট কতটা শক্তিমত্তা প্রদর্শন করতে পারে তার ওপর নির্ভর।
আরটিএনএন











