এখনো সংকটাপন্ন সুবীর নন্দীর অবস্থা
বিনোদন প্রতিবেদক : বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দীর শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন। তাঁর মস্তিষ্কের অবস্থা ভালো না। ফুসফুসের প্রদাহ নিয়ে এখনো ঝুঁকি রয়েই গেছে।
গতকাল শনিবার সন্ধ্যায় বিষয়টি জানিয়েছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জাতীয় সমন্বয়ক সামন্ত লাল সেন। পরিবারের পক্ষ থেকে তিনি সুবীর নন্দীর চিকিৎসার বিষয়টি সমন্বয় করছেন।
একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী সুবীর নন্দী দুই সপ্তাহেরও বেশি সময় ধরে অসুস্থ। তিনি ঢাকার সিএমএইচের আইসিইউতে ব্রিগেডিয়ার জেনারেল ডা. তৌফিক এলাহির তত্ত্বাবধানে চিকিৎসাধীন।
পাশাপাশি সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলছেন বলে জানান সামন্ত লাল সেন। আজ তাঁকে এক ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। সব মিলিয়ে এটা বলতে হয়, তাঁর শারীরিক অবস্থা মোটেও ভালো না।
দেশের বরেণ্য এই শিল্পীর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম আলো










