যাত্রাবাড়ীতে মাদ্রাসায় লাগা আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ীর কাজলার কুতুবখালী এলাকায় একটি মাদ্রাসায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় ১ ঘণ্টা ২০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে।
বুধবার দিনগত রাত ১টা ২৫ মিনিটে আগুন নিয়্ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিসের সদর দফতরের কর্তব্যরত কর্মকর্তা মাহফুজ বিভেন। এর আগে রাত ১২টা ৫ মিনিটে ওই মাদ্রাসায় আগুন লাগে।
ঘটনাস্থলে উপস্থিত যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, সাততলা মাদ্রাসার নিচতলায় অবস্থিত টিভি মেরামতের একটি দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। সেখানে ফায়ার সার্ভিসের লোকজন কাজ করছেন।
জানা গেছে, ভবনের ৬ ও ৭ তলায় মাদ্রাসার শিক্ষার্থীর থাকতো। এখন পর্যন্ত কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি। তবে অনেকেই আতঙ্কগ্রস্ত হয়েছেন।
প্রসঙ্গত, গত ২৮ মার্চ রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ের পাশের ১৭ নম্বর সড়কে ফারুক রূপায়ন (এফআর) টাওয়ারের ভয়াবহ আগুনে ঘটনাস্থলে ২৫ জন ও হাসপাতালে একজন নিহত হন। আহত হন আরও ৭৩ জন।
এর দুইদিন পরই ৩০ মার্চ গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটে আগুন লাগে। আগুনে মার্কেটের কাঁচাবাজার পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া গত ২০ ফেব্রুয়ারি রাতে চকবাজারের চুড়িহাট্টার অগ্নিকাণ্ডে ৭১ জন নিহত হন। আহত হন অনেকে। বাংলাদেশ জার্নাল










