মুনমুন আঁচলের বড় বোন
বিনোদন প্রতিবেদক : চিত্রনায়িকা আঁচলের বড় বোন এক সময়ের পর্দা কাপানো নায়িকা মুনমুন। এমন খবরে পাঠক নিশ্চয় অবাক হচ্ছেন। তবে অবাক হওয়ার কিছুই নেই। বাস্তব জীবনে না হলেও, রূপালি পর্দায় আঁচলের বড় বোন হয়ে আসছেন চিত্রনায়িকা মুনমুন। এমনটা দেখা যাবে ‘রাগী’ ছবিতে।
আঁচল বলেন, ‘ছবিতে মুনমুন আপা আমার বড় বোনের চরিত্রে অভিনয় করছেন। শুধু তাই নয়, এক সময় তিনি অভিনয় করতেন নেতিবাচক চরিত্রে। কিন্তু এই ছবিতে তিনি অভিনয় করছেন ভালো একটি চরিত্রে।’
চিত্রনায়িকা মুনমুন বলেন, ‘মাঝে নানা কারণে অভিনয় থেকে দূরে ছিলাম। এখন থেকে নিয়মিত মানসম্পন্ন কাজ করতে চাই।’
মিজানুর রহমান মিজানের পরিচালনায় ছবিতে আঁচলের বিপরীতে অভিনয় করছেন নবাগত নায়ক আবির। আরও আছেন মিশা সওদাগর, সনি রহমানসহ অনেকে।
জানা গেছে, ‘রাগী’ ছবিতে মুনমুন অভিনয় করছেন মহারানী ভিক্টোরিয়ার চরিত্রে। যে কি-না আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে জড়িত।
নির্মাতা জানান, নষ্ট সমাজের কারণে একটি পরিবারের সদস্যরা ধ্বংসের দিকে যায়। আর পরিবারের অন্য এক সদস্যের চেষ্টায় তাদের ভালোর পথে ফিরিয়ে আনা হয়। এমনই এক গল্প তুলে ধরা হবে ‘রাগী’ ছবিতে।










