মাদ্রাসাছাত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টা : মামলা হয়নি এখনো
নিউজ ডেস্ক : ফেনীর সোনাগাজীর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা তুলে না নেওয়ায় মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। গুরুতর দগ্ধ ওই ছাত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় ৪৮ ঘণ্টা পার হলেও এখনো মামলা হয়নি। আজ সোমবার সকাল পৌনে ১০টার দিকে ওই ছাত্রীর ভাইয়ের মামলা করার কথা ছিল।
গত শনিবার সকালে আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় যায় নুসরাত জাহান রাফি। পরে সেখান থেকে তাকে ছাদে ডেকে নিয়ে যাওয়া হয়। এর পর চারজন বোরকা পরিহিত তাকে অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে মামলা ও অভিযোগ তুলে নিতে চাপ দেয়। রাফি অস্বীকৃতি জানালে তারা তার গায়ে আগুন দিয়ে পালিয়ে যায়। এ ঘটনার দুদিন পরও কোনো কুলকিনারা করতে পারেনি পুলিশ।

এ বিষয়ে যোগাযোগ করা হলে সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, ছাত্রীর ভাই নোমান মামলা করতে আজ সকাল ১০টার মধ্যে থানায় আসার কথা ছিল। কিন্তু থানায় না এসে মুঠোফোনে জানিয়ে দেয় তিনি আসতে পারবেন না।
ওসি আরও বলেন, ‘নোমান জানিয়েছে এ ঘটনায় প্রধানমন্ত্রী নিজেই দায়িত্ব নিয়েছেন, তাহলে আমরা কেন বাদী হয়ে মামলা করবো।’
‘যে ঘটনায় প্রধামন্ত্রী মর্মাহত, এ রকম একটি চাঞ্চল্যকর ঘটনায় এখনো মামলা হচ্ছে না কেন?’ এমন প্রশ্নের উত্তরে রোববার বিকেলে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশন ও ক্রাইম) মোহাম্মদ আবুল ফয়েজ জানান, ক্ষতিগ্রস্ত পরিবার মামলা করলে ভালো। পুলিশ বাদী হয়ে মামলা করলে পরে যদি কোনো অপরাধীর নাম বাদ পড়ে যায় তাহলে সেসময় জটিলতা সৃষ্টি হবে। সর্বশেষ পরিবারের পক্ষ থেকে কেউ বাদী না হলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।
সরেজমিনে দিয়ে দেখা গেছে, এ ঘটনায় পর থেকে পুরো সোনাগাজীতে নিন্দার ঝড় বইছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করে অপরাধীদের আইনের আওতায় আনতে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি তুলছে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। পরীক্ষা কেন্দ্রে এসব ঘটনায় পরীক্ষার্থী ও অভিভাবকরা দুশ্চিন্তায় ভুগছেন।
আলিম পরীক্ষার্থী ও রাফির সহপাঠি জান্নাতুল কোবরা জানান, ‘আমরা পরীক্ষা কেন্দ্রে আসতে এখন খুব ভয় পাচ্ছি। আমাদের মা-বাবারা সবসময় আমাদের নিয়ে টেনশনে থাকে। অধ্যক্ষের চরিত্র খারাপ শুনে আমরা নিজ থেকে হুজুরের কাছে যেতাম না।’
অতিরিক্ত ডিআইজির কাছে জবানবন্দি দিতে আসা অপর এক ছাত্রী নাম না প্রকাশের শর্তে জানান, যৌন হয়রানি করার জন্য তিনি খুব দক্ষ অধ্যক্ষ। ক্লাসে কৌশলে একটা-দুটা প্রশ্ন বলে দিতেন; সেগুলো পরীক্ষায় চলে আসতো। এসব লোভ দেখালে ছাত্রীরা যেন বেশি বেশি হুজুরের কাছে যায় সেজন্য এসব টেকনিক অ্যাপ্লাই করতো হুজুর।’
নুরুল আফসার লিটন নামে সোনাগাজীর এক স্থায়ী বাসিন্দা জানান, অধ্যক্ষ বর্তমানে জেলহাজতে রয়েছে। তার পক্ষে তো এখন কিছু করা সম্ভব নয়। তবে মাদ্রাসার গভর্নিং বডির কমিটিতে ঢোকার জন্য স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা দুই ভাগে বিভক্ত। অধ্যক্ষকে গ্রেপ্তারের পর থেকে তারা পক্ষে-বিপক্ষে মানববন্ধন-বিক্ষোভ করেছে। সে দুই গ্রুপের শীর্ষ স্থানীয়দের আইনের আওতায় আনলে প্রকৃত ঘটনা উদঘাটন হয়ে যাবে।
সম্প্রতি উভয় দলের নেতাদের কললিস্ট চেক করলেও কিছু তথ্য বেরিয়ে আসতে পারে বলেও জানান ওই বাসিন্দা। তিনি বলেন, বিষয়টি দল-উপদল মাথায় রেখে তদন্ত করা হচ্ছে।
সিরাজউদ্দৌলার নানা অপকর্মের ফিরিস্তির বর্ণনা দিয়েছেন তার একান্ত সহকারী নুরুল আমীন। তিনি বলেন, ‘হুজুরের চরিত্র খারাপ জেনে আমি ছাত্রীদের হুজুরের কাছে বেশি যেতে নিষেধ করতাম। আমি যতক্ষণ থাকতাম ততক্ষণ ছাত্রীরা হুজুরের রুমে আসা যাওয়া করতো এটা দেখতাম। আমরা চলে গেলে পরে কি হতো সেটিতো আর আমরা জানি না।’
স্থানীয় বাসিন্দা আবদুর রউফ জানান, প্রশ্নফাঁস ও যৌন হয়রানিসহ নানা অভিযোগে অভিযুক্ত সিরাজউদ্দৌলা। এক সময় জামায়াতের রাজনীতি সঙ্গে যুক্ত থাকলেও সেখান থেকে বহিষ্কার হয়েছেন। সর্বশেষ আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে নানা অপকর্মে জড়িত। তাকে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা সাপোর্ট দেন। দীর্ঘদিন ধরে ছাত্রী যৌন হয়রানীর অভিযুক্ত অধ্যক্ষ মাদ্রাসার গভর্নিং বডির কমিটি নিয়ে বিরোধ থাকায় সরকার দলের ছত্রছায়ায় থেকে পার পেয়ে যেতেন।
তবে অধ্যক্ষ সিরাজ উদদৌলাহ সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত নয় বলে জানান গভর্নিং বডির সহসভাপতি ও সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমীন। তিনি বলেন, ‘আমরা যখনি তার বিরুদ্ধে অভিযোগ পেয়েছি, ব্যবস্থা নিয়েছি। এবারও আমি নিজে তাকে পুলিশে ধরিয়ে দিয়েছি।’
এ ঘটনায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও নারী নেত্রী নাজমা আক্তার জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় অধ্যক্ষসহ দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীরা নিরাপদ নয়, তাহলে তারা কোথায় যাবে।
পরীক্ষার কেন্দ্র সচিব নুরুল আফসার ফারুকী জানিয়েছেন, কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৭ মার্চ ওই মাদরাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা নিজের কক্ষে ডেকে নিয়ে নুসরাতের শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। পরে ওই ছাত্রী পরিবারকে জানালে তার মা সোনাগাজী থানায় মামলা করেন। এ ঘটনায় অধ্যক্ষকে গ্রেপ্তার করে পুলিশ। অধ্যক্ষ এখনো আটক আছেন।
মেয়েটির ভাইয়ের অভিযোগ, অধ্যক্ষকে আটকের পর থেকে তার লোকজন মামলা তুলে নিতে বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিয়ে আসছিল। এর মধ্যে শনিবার সকালে তার বোন ওই মাদ্রাসাকেন্দ্রে আরবি প্রথম পত্র পরীক্ষা দিতে গেলে হামলার ঘটনা ঘটে।










