সারার পাশে সাইফ থাকছেন না!
বিনোদন ডেস্ক : বাবা শুধু তাকে ভালোবাসেন না, সব কাজে পাশেও থাকেন। তবে এবার আর বাবা সাইফকে পাশে পাচ্ছেন না বলিউড অভিনেত্রী সারা আলী খান। ব্যাপারটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। এতে প্রশ্ন উঠেছে, তবে কি সারা এমন কোন কাজ করলেন, যাতে মেয়ের পাশে থাকছেন না সাইফ?
ভারতের শীর্ষস্থানীয় এক গণমাধ্যম জানিয়েছে, এখন পর্যন্ত প্রায় সব কাজেই বাবা সাইফকে পাশে পেয়েছেন সারা। কিন্তু সে নিয়মের এবার ব্যতিক্রম হতে চলেছে। সারা সত্যিই সাইফকে পাশে পাচ্ছেন না, তবে সেটা তার আসন্ন ছবিতে।
জানা গেছে, কার্তিক আরিয়ান এবং সারা আলী খানকে নিয়ে নতুন একটি ছবি তৈরি করতে চলেছেন পরিচালক ইমতিয়াজ আলী। সে ছবির ঘোষণা আগেই করেছেন তিনি। প্রথমে শোনা গিয়েছিল, সে ছবিতে অভিনয় করবেন সাইফও। কিন্তু নিজেকে ওই প্রজেক্ট থেকে নাকি সরিয়ে নিয়েছেন অভিনেতা।
২০০৯-এ ইমতিয়াজ তৈরি করেছিলেন রোম্যান্টিক কমেডি ‘লাভ আজ কাল’। তারই সিক্যুয়েলের জন্য সম্ভবত সারা-কার্তিকের জুটির কথা ভেবেছেন পরিচালক। শোনা গিয়েছিল, কার্তিকের বাবার চরিত্রটিতে সাইফের অভিনয় করার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত সে ছবিতে সই করেননি এই অভিনেতা, এমনটাই খবর।
এ প্রসঙ্গে সাইফ বলেন, ‘‘যেকোনো চরিত্র যদি আকর্ষণীয় হয়, আর সময় পাই তাহলে করতে রাজি আমি। ইমতিয়াজ ‘লাভ আজ কালে’র সিক্যুয়েলে একটা চরিত্র অফার করেছিল। কিন্তু কাজটা করছি না। তবে ছবিটা নিয়ে আমি খুব উত্তেজিত। সারা ইমতিয়াজের সঙ্গে কাজ করছে। কার্তিক আছে। নতুনদের অনেক শুভেচ্ছা।’’
বর্তমানে তিন-চারটি ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন সাইফ। তাই সময়ের অভাবে ইমতিয়াজের অফার অভিনেতা নিতে পারলেন না বলে মনে করছেন ইন্ডাস্ট্রির একটা বড় অংশ।










