‘কখনোই ভাবিনি মারা যাবো’
বিনোদন ডেস্ক : ‘আমাদের অভিজ্ঞতা কীভাবে আমাদের জীবনকে ও শারীরিক গঠনকে বদলে দেয়, সেটা কেউই বলতে পারে না। সব পরিবর্তন চোখে ধরাও পড়ে না। আমি এটা থেকে যে শিক্ষা নিয়েছি, সেদিকে আর ফিরে তাকাতে চাই না। আমি বরং নতুন করে পোশাক পরতে চাই, সাজতে চাই।’ সম্প্রতি মাথায় ছোট চুল এবং গায়ে ফ্যাকাশে রংয়ের নীল পোশাক পরা হার্পার বাজার ম্যাগাজিনের কভার পেজ টুইটারে শেয়ার করে এমনটাই লিখেছেন সোনালি।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ানস টুডে জানিয়েছে, ক্যানসারে আক্রান্ত এই বলিউড অভিনেত্রী এখন সুস্থ হয়ে উঠেছেন। অসুস্থতার সময় তার চুল কেটে ফেলতে হয়েছিল।
ছবিটি শেয়ার করে সোনালি লেখেন, ‘আমার গোটা পেটে ক্যানসার ছড়িয়ে পড়েছিল। নিউইয়র্কের চিকিৎসকরা জানিয়েছিলেন, আমার সেরে ওঠার সম্ভবনা মাত্র ৩০ শতাংশ। আমি ভেঙে পড়েছিলাম। যখন আমি আমার লম্বা চুল কেটে ফেললাম, তখন আমার এক বন্ধু আমায় বলেছিল চুল না কাটতে। তবুও আমি চেয়েছিলাম, আমার ওই পুরোনো চুলগুলো কেটে ফেলা হোক, এগুলো যেন আর আমার নয়। আমার মনে হচ্ছিল-আমি যেন আমার ওই লম্বা চুলের মধ্যে বড় বেশি লুকিয়ে রয়েছি।’
৪৪ বছরের এই অভিনেত্রী আরও লেখেন, ‘আমার পরিবার আশা ছেড়ে দিয়েছিল। তবে আমি ভেবেছিলাম, মৃত্যু আমার কাছে আসতেই পারে না। আর এর জন্য আমাকে অনেক লড়াই করতে হয়েছে। তবে আমি মৃত্যুর কথা কখনো ভাবিইনি।’










