এফআর টাওয়ার ট্রাজেডি : সরু সিঁড়ি ও ধোঁয়া বেরোতে না পারায় বেশি প্রাণহানি
নিজস্ব প্রতিবেদক : ধোঁয়া বের হওয়ার মতো পথ না থাকায় বনানীর এফআর টাওয়ারে বেশি প্রাণহানি হয়েছে বলে মনে করছে ওই অগ্নিকা-ে গঠিত দুটি তদন্ত কমিটি। এ ছাড়া ২২তলা ভবনটির জরুরি বহির্গমন সিঁড়িও ছিল খুবই সরু। বিপুল প্রাণহানির পেছনে এটিও একটি বড় কারণ। গতকাল শনিবার অগ্নিকাণ্ডের শিকার এফআর (ফারুক-রূপায়ণ) টাওয়ার পরিদর্শন শেষে এ কথা জানান স্বরাষ্ট্র এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় গঠিত দুটি তদন্ত কমিটির আহ্বায়করা। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের কমিটির প্রধান অতিরিক্ত সচিব ফয়জুর রহমান বলেন, এফআর টাওয়ারে ধোঁয়া বের হওয়ার কোনো পথ ছিল না।
ফলে ধোঁয়া ভবনের সব ফ্লোরে ছড়িয়ে পড়ে। এ কারণে প্রাণহানির সংখ্যা বেড়ে যায়। কোনো ফ্লোরে আগুন নেভানোর মতো যন্ত্র ছিল না। দু-একটি এস্টিংগুইসার পাওয়া গেলেও সেগুলো ছিল অকার্যকর। ফলে বোঝাই যাচ্ছে, সেখানে মৃত্যুফাঁদ তৈরি করে রাখা হয়েছে। কোন ফ্লোর থেকে আগুনের সূত্রপাত তা স্পষ্ট হওয়া যায়নি উল্লেখ করে তিনি আরও বলেন, ভবনে ফায়ার হাইড্রেন্ট ছিল, কিন্তু সেটি ছিল অকার্যকর। ব্যবহার হয়নি। ভবনটির ৮, ৯ ও ১০ তলায় গেছি। কোথাও ফায়ার হাইড্রেন্ট কার্যকর দেখতে পাইনি।
ভবনটির ফায়ার এক্সিট সরু, সিঁড়ি মাত্র ২৪ ইঞ্চি। এ কারণেও বেশি মানুষ মারা গেছে। আগুনের উৎস ও কারণ, উত্তরণের উপায়, গাফিলতি, অব্যবস্থাপনা সংক্রান্ত এবং ভবিষ্যৎ করণীয় কী হবে সে সুপারিশসহ আগামী বুধবারের মধ্যে মন্ত্রণালয়ে প্রতিবেদন দেওয়া হবে বলে জানান তদন্তকারীরা। এ ছাড়া অগ্নিকা-ের সময় ওই ভবনের ৮, ৯ ও ১০ তলায় যারা ছিলেন, আজ রবিবার তাদের বক্তব্য শুনবে (গণশুনানি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। এদিকে ভয়াবহ অগ্নিকা-ে আবু হেনা মোস্তফা কামাল (৪১) নামে আহত একজন গতকাল সকালে চিকিৎসাধীন মারা গেছেন।
তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মোস্তফা কামাল এফআর টাওয়ারের ১১তলার ট্রাভেল এজেন্সি হেরিটেজ এয়ার এক্সপ্রেসের সিনিয়র এক্সিকিউটিভ ছিলেন। পরিবার নিয়ে তিনি ভাসানটেকের পুরানবাজার থাকতেন বলে জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপকমিশনার মোস্তাক আহমেদ। ওই অগ্নিকাণ্ডে এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়াল ২৬ জনে। গত বৃহস্পতিবার ওই বাণিজ্যিক ভবনে অগ্নিকা-ে ২৫ জন নিহত হন। অগ্নিকাণ্ডে আহত উদ্ধার হওয়া অর্ধশতাধিক মানুষ এখনো রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ভবনটি থেকে লাফিয়ে পড়া রেজোয়ানের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গতকাল পুলিশ বাদী হয়ে বনানী থানায় একটি মামলা করেছে। গতকাল দুপুরে পুরান ঢাকার চকবাজারে মাদকবিরোধী ও ট্রাফিক সচেতনতাবিষয়ক এক অনুষ্ঠানে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। এফআর টাওয়ার পরিদর্শন শেষে গতকাল দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটির আহ্বায়ক অতিরিক্ত সচিব অরুণ কান্তি শিকদার বলেন, আমরা ওপরের তলাগুলোতে গিয়ে দেখেছি, মানুষ বেশি মারা যাওয়ার কারণ হচ্ছে- ভবন থেকে ছোট্ট একটা জরুরি বহির্গমন সিঁড়ি আছে। সেটি মাত্র ২৪ ইঞ্চির এক্সিট। সেই পথটিও বিভিন্ন ফ্লোর মালিকরা এমনভাবে অন্দরসজ্জার আড়ালে ঢেকে ফেলেন, ফলে এক তলা থেকে আরেক তলায় যোগাযোগ আমাদের কাছে মনে হয়েছে একটু ব্যাহত হয়েছে। ভবনের বিভিন্ন ফ্লোরের ডেকোরেশন ঠিক ছিল না।
এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে যাওয়ার যোগাযোগ পথ বিঘ্নিত ছিল। আগুনে ভবনের টেম্পার নষ্ট হয়ে গেছে। বুয়েটের তদন্ত দল ভালো বলতে পারবে ভবনটি কতটা ঝুঁকিতে রয়েছে। তরুণ কান্তি শিকদারের নেতৃত্বে এফআর টাওয়ার পরিদর্শন করেন তদন্ত কমিটির ছয় সদস্য। এ কমিটিতে ফায়ার সার্ভিসের মহাপরিচালক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের যুগ্ম সচিব পর্যায়ের একজন প্রতিনিধি, ঢাকা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক পর্যায়ের একজন প্রতিনিধি, পুলিশের গুলশান জোনের উপকমিশনার এবং সুরক্ষাসেবা বিভাগের উপসচিব মোহাম্মদ মাসুদুর রহমান ভূঁইয়া সদস্য হিসেবে রয়েছেন।
অগ্নিকা-ের সময়ের প্রকৃত অবস্থা জানতে ওই সময় ভবনে থাকা লোকজনের সঙ্গে তদন্ত কমিটি কথা বলবে জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের কমিটির প্রধান অতিরিক্ত সচিব ফয়জুর রহমান বলেন, যারা বিশেষ করে ৮, ৯ ও ১০ তলায় কাজ করতেন, তাদের আমরা আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা রবিবার পুলিশ কন্ট্রোলরুমে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত দুই ঘণ্টা তাদের বক্তব্য শুনব।
তাদের কাছ থেকে জানার চেষ্টা করব, আগুনের সূত্রপাত কোত্থেকে এবং সেই পরিস্থিতিতে কী কী মোকাবিলা করতে হয়েছে তাদের। এগুলো নিয়ে আমরা প্রতিবেদন জমা দেব। ভবনের মালিক ও ডেভেলপার রূপায়ণ গ্রুপকে কাগজপত্র নিয়ে হাজির হওয়ার জন্য ডাকা হয়েছে বলে জানান ফয়জুর রহমান। ভবনটির মূল মালিক এসএমএইচআই ফারুকের বিরুদ্ধে পুলিশ তদন্ত অব্যাহত রাখবে বলেও জানান তিনি। এ কমিটিতে ঢাকা জেলা প্রশাসকের প্রতিনিধি, ফায়ার সার্ভিস, পুলিশ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, ঢাকা উত্তর সিটি করপোরেশন, বুয়েট এবং সশস্ত্র বাহিনী বিভাগের একজন করে প্রতিনিধি রয়েছেন। এফআর টাওয়ারের নকশা অনুমোদন ও নির্মাণসংক্রান্ত ত্রুটি-বিচ্যুতি তদন্তের কাজ শুরু করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আট সদস্যের তদন্ত কমিটিও।
বৃহস্পতিবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কনফারেন্স রুমে এ বিষয়ে প্রথম সভা করেছে কমিটি। গত শুক্রবার অগ্নিদুর্ঘটনাস্থল পরিদর্শন করেন কমিটির সদস্যরা। গতকাল গিয়ে দেখা গেছে, বহুতল ওই ভবনে নেটিংয়ের কাজ চলছে, যাতে ক্ষতিগ্রস্ত কোনো অংশ নিচে না পড়ে। বনানীতে পুলিশ কন্ট্রোলরুম থেকে বাড্ডা জোনের এডিসি আহমেদ হুমায়ূন বলেন, ব্যবসায়ীরা শুক্রবার মালামাল সরিয়ে নেওয়ার পর ভবনটিতে এখন কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। দৈ.আ.স










