শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আর কেউ নিখোঁজ নেই : পুলিশ

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর বনানীর ফারুক রূপায়ন (এফআর) টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আর কেউ নিখোঁজ নেই।এ ঘটনায় আহত ৭৩জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের গুলশান জোনের উপ-কমিশনার (ডিসি) মুশতাক আহমেদ। শুক্রবার সকালে তিনি সাংবাদিকদের ব্রিফ করেন। বলেন, এখন পর্যন্ত ২৫ জনের লাশ পাওয়া গেছে। তাদের মধ্যে একজন শ্রীলঙ্কার নাগরিক রয়েছেন। ২৪ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে একজনকে শনাক্ত করা যায়নি। তার লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রয়েছে।

তিনি জানান, আর কোনো নিখোঁজের খবর পাওয়া যায়নি।এ দুর্ঘটনায় হতাহত সবাইকে উদ্ধার করা হয়েছে।

এদিকে শুক্রবার দুপুরে এফআর টাওয়ারে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয় নতুন করে কারো লাশ উদ্ধার করা যায়নি।

বৃহস্পতিবার দুপুরে আগুন লাগে এফআর টাওয়ারে। ভবনের ৯ম তলায় আগুনের সূত্রপাত। পরে ছড়িয়ে পড়ে ২৩তলা ভবনের বেশ কয়েকটি তলায়। প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজে সশস্ত্র বাহিনীর সদস্য ও বিমানবাহিনীর পাঁচটি হেলিকপ্টার ব্যবহার করা হয়। ভবনটির ছাদে আটকেপড়া অনেককে উদ্ধার করে বিমানবাহিনীর হেলিকপ্টার। এ ছাড়া অগ্নিনির্বাপণে হেলিকপ্টার থেকে ভবনটিতে পানিও ফেলা হয়। যুগান্তর