বনানীতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি
নিজস্ব প্রতিবেদক : ঢাকার বনানীতে এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগের অতিরিক্ত সচিব ড. তরুণ কান্তি শিকদারকে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অপুর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকার বনানীতে অবস্থিত এফ আর টাওয়ারে সংঘটিত ভয়াবহ অগ্নি দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং দুর্ঘটনার সার্বিক বিষয়ে সরেজমিন তদন্তপূর্বক মতামত ও সুপারিশ সম্বলিত প্রতিবেদন দাখিলের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগের অতিরিক্ত সচিব ড. তরুণ কান্তি শিকদারকে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন-ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রতিনিধি (যুগ্মসচিব পর্যায়ের), জেলা প্রশাসক, ঢাকা এর প্রতিনিধি (অতিরিক্ত জেলা প্রশাসক পর্যায়ের), গুলশান জোনের উপপুলিশ কমিশনার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগের উপসচিব মোহাম্মদ মাসুদুর রহমান ভূইয়া।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কমিটি উক্ত ভয়াবহ অগ্নিকাণ্ডের উৎস ও কারণ নির্ণয়সহ সার্বিক বিষয়ে সরেজমিন তদন্তপূর্বক সাতদিনের মধ্যে মতামত ও সুপারিশ প্রদান করবেন এবং এ জাতীয় ভয়াবহ অগ্নি দুর্ঘটনা প্রতিরোধকল্পে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের বিষয়ে যথাযথ সুপারিশ করবেন।










