মালদ্বীপ থেকে ফিরেই ড্রিমগার্ল ছবির মহরত করবেন অধরা
ইমরুল শাহেদ : দুই ছবি বয়সী নায়িকা অধরা খান বর্তমানে মালদ্বীপে রয়েছেন। বুধবার সেলফোনে তিনি জানিয়েছেন, ২৩ মার্চ ঢাকা ফিরেই পরদিন তিনি আরিফ-ইস্পাহানি পরিচালিত ড্রিমগার্ল ছবির মহরত করবেন। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন নায়ক রওশান।
অধরা খানের চলচ্চিত্রে যাত্রা শুরু হয় শাহীন সুমনের পাগলের মতো ভালোবাসি ছবি দিয়ে। সে ছবিটি এখনো নির্মাণ পর্যায়ে থাকলেও ইতোমধ্যে তার অভিনীত দুটি ছবি মুক্তি পেয়ে গেছে। ছবি দুটি মুক্তি পেয়েছে পর পর সপ্তাহে। প্রথম মুক্তি পাওয়া ছবি ছিল নায়ক এবং দ্বিতীয় মুক্তি পাওয়া ছবি মাতাল। ছবি দুটি ব্যবসায়িককভাবে সফল কি ব্যর্থ সে আলোচনায় না গিয়ে বলা যায় নায়ক থেকে মাতালে তার অভিনয়ের উত্তরণ ঘটেছে। অধরা খানের সবচেয়ে বড় গুণ হলো তিনি কাজের প্রতি আত্মনিবেদিত এবং যত্মশীল। তিনি যখন যেটা করেন, সেটা তিনি আন্তরিকতা ও নিষ্ঠা নিয়েই করেন।
তিনি বলেন, আমি যখন যে চরিত্রে অভিনয় করি তখন আমি চেষ্টা করি সে চরিত্রটিকে দর্শকের কাছে প্রিয় এবং উপভোগ্য করে তুলতে।
চলচ্চিত্রে এখন নবাগতর অভাব নেই। তারা যেন ভিডিও সিডির মতো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছেন। ইন্টারনেটকে ব্যবহার করেন নিজেদের ঢাক-ডোল পেটানোর জন্য। ফেসবুকে বিচরণ করলেই দেখা যায় কিছু নতুন বা অন্যের কাছে গুরুত্ব বাড়ানোর জন্য গ্ল্যামার জগতে আগমনেচ্ছুকরা নিজেদের প্রোফাইলে মডেল, অভিনেত্রীসহ নানা পরিচয় লিখে রাখেন। অনেকেই ফেসবুক নায়িকা হয়েই থাকছেন। সেক্ষেত্রে অধরা খানকে এই হযবরল পরিস্থিতিতে মোকাবিলা করে প্রতিষ্ঠার জন্য লড়াই করে যেতে হচ্ছে।
অধরা খান যদি আত্মনিবেদিত হয়ে থাকতে চান এবং আত্মসিদ্ধান্তে পথ তাহলে চলচ্চিত্রে একটা অবস্থান করে নিতে পারবেন বলে অনেকে মনে করেন।










