‘বিয়ে’ নিয়ে যা বললেন মিথিলা
বিনোদন প্রতিবেদক : এই তো গতকাল, সারা দেশে চাউর হলো কলকাতার সিনেমা পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করতে যাচ্ছেন বাংলাদেশের অভিনয় শিল্পী রাফিয়াথ রশিদ মিথিলা। খবর প্রকাশের দেরি নেই, মিথিলার ভক্তদের হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়ে গেছিল। গণমাধ্যমগুলোতেও চলছিল নানা আলোচনা। ভারতীয় সংবাদমাধ্যগুলো যেখানে সৃজিত-মিথিলার বিয়ে দিয়েই ফেলছিল, সেখানে দাড়ি টানলেন এই অভিনেত্রী। জানালেন, তিনি এটাকে পেশাগত বিড়ম্বনা মনে করতে চান।
দিন কয়েক আগে শুটিংয়ের জন্য কলকাতায় গিয়েছিলেন অভিনয়শিল্পী ও উপস্থাপক মিথিলা। শুটিং শেষ করে দেশেও ফিরে এসেছেন। কিন্তু তারই মধ্যে চটকদার এই সংবাদ নিয়ে হইচই চারিদিকে। যদিও তার অফিসের কাজেই এখন ব্যস্ত আছেন মিথিলা।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সৃজিত-মিথিলাকে নাকি দেখা গেছে কলকাতার বিভিন্ন স্থানে। মিথিলাকে কলকাতা শহর ঘুরিয়ে দেখান সৃজিত। একটা পার্টিতেও দেখা গেছে দুজনকে।
‘টাইমস অব ইন্ডিয়া’ ও ‘এই সময়’ তো তাদের বিয়ের ঘোষণাই দিয়ে দিয়েছে। গণমাধ্যম দুটির ভাষ্য, গত শনিবার রাতে কলকাতার রাজারহাটে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে যাওয়ার জন্য ‘রহস্যময়’ সেই নারীর সঙ্গে হাঁটছিলেন সৃজিত। দুজনের সম্পর্ক বেশ সাবলীল মনে হয়েছে। একে অপরের সঙ্গ উপভোগ করছিলেন তারা।
সূত্র জানিয়েছে, সেই নারী বাংলাদেশের একজন সংগীতশিল্পী, অভিনেত্রী ও এনজিওকর্মী। যার নাম রাফিয়াথ রশিদ মিথিলা, যাকে বিয়ে করতে যাচ্ছেন সৃজিত!
কিন্তু এসব নিয়ে বিকার নেই মিথিলার। সাধারণভাবেই বিষয়গুলো খোলাসা করেছেন। তিনি বলেন, ‘সৃজিত যেহেতু একজন ‘অ্যালিজিবল ব্যাচেলর’, তাই এসব কথা ছড়াচ্ছে। এবার শুটিং শেষে ও আমাকে কলকাতার একটা পার্টিতে নিয়ে যায়। বন্ধুদের সঙ্গে একটু হাই-হ্যালো বলা আরকি। আমার মনে হয়, ওখানে সৃজিত কাকে নিয়ে পার্টিতে গেল, এই মেয়েটা কে—এ কারণেই হয়তো গুঞ্জন ছড়িয়েছে।’
সৃজিতও এটাকে শুধুই বন্ধুত্ব বলতে চান। মিথিলা জানান, সৃজিতের সঙ্গে তার পরিচয়টা অনেক আগে থেকেই। এর আগেও তাদের মধ্যে দেখা-সাক্ষাৎ ও কথা হয়েছে। তাদের কজন কমন বন্ধুও আছেন।
তাদের বন্ধুত্বটা আসলে গড়ে ওঠে শাহানা বাজপেয়ি নামে আরেক বন্ধুর মাধ্যমে। এছাড়া তাদের অর্নব নামে আরেকজন বন্ধু আছেন, যিনি কি-না মিথিলার আত্মীয়ও। তারা একসঙ্গে বড়ও হয়েছেন।
শুধু এদিক থেকে নয়, আরও কয়েকদিক থেকে মিথিলা-সৃজিত বন্ধু। কারণ, দেশি পরিচালক অমিতাভ রেজা চৌধুরী ও রেদওয়ান রনির সঙ্গে বন্ধুত্ব আছে সৃজিতের। তাদের সঙ্গে আবার মিথিলারও বন্ধুত্ব রয়েছে। মিথিলা আরও জানান, সৃজিত বাংলাদেশে এসেছিল কয়েকদিন আগে। তখনও তাদের দেখা হয়েছে, তারা আড্ডাও দিয়েছিলেন। এতে করে বোঝাই যাচ্ছে তাদের বন্ধুত্বটা পুরোনো।
তারপরও বিয়ের বিষয়টাকে ‘পেশাগত বিড়ম্বনা’ হিসেবেই দেখতে চান মিথিলা। তিনি বলেন, ‘আমি এটা পেশাগত বিড়ম্বনা মনে করতে চাই। আমি মনে করি, একসঙ্গে কাজ করতে গেলে এমন কথা ছড়াতেই পারে। এসব আমাদের দেশে একটু কম হয়। আরেকটা কথা, সৃজিত তো অ্যালিজেবল ব্যাচেলর। তার সঙ্গে কাউকে দেখা গেলে এমন কথা ছড়াবে, এটাই স্বাভাবিক। তাছাড়া আমাকে সৃজিতের সঙ্গে প্রথম দেখেছে তো সবাই, তাই গুঞ্জন ছড়াচ্ছে।’
ভারতীয় সংবাদমাধ্যমগুলো বিয়ের গুজব তৈরি করেছে জানিয়ে এই অভিনেত্রী আরও বলেন, ‘টাইমস অব ইন্ডিয়া সেই চেষ্টা করে যাচ্ছে। দেখি বিয়ের সম্ভাবনা কতটা সফল হয়।’










