খাদ্যমন্ত্রীর জামাইয়ের রহস্যজনক মৃত্যু
নিউজ ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. রাজন কর্মকারের ‘রহস্যজনক’ মৃত্যু হয়েছে। তিনি খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের মেয়ের জামাই। ডা. রাজন কর্মকারের স্ত্রী ডা. কৃষ্ণাও বিএসএমএমইউয়ের সার্জারি বিভাগের একজন সহকারী অধ্যাপক।
আজ রোববার ভোরে ডা. রাজন কর্মকারকে ফার্মগেটের ইন্দিরা রোডের বাসা থেকে স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে তার স্বজনদের দাবি, ডা. রাজন কর্মকারের মৃত্যু স্বাভাবিক নয়।
এ প্রতিবেদন লেখার সময় ডা. রাজনের মরদেহ স্কয়ার হাসপাতালেই ছিল। স্কয়ার হাসপাতালে রাজন কর্মকারের মামা সুজন কর্মকার সাংবাদিকদের বলেন, ‘গতকাল রাত আড়াইটার দিকে রাজনের স্ত্রী রাজনের মাকে ফোন দিয়ে জানায় যে রাজন মারা গেছে। আপনারা উল্টাপাল্টা কিছু করলে আমিও আত্মহত্যা করব। কৃষ্ণার এমন অস্বাভাবিক কথাবার্তা থেকে আমরা ধারণা করছি রাজনের মৃত্যু স্বাভাবিক নয়।’ রাজনের লাশের ময়নাতদন্ত ও ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন রাজনের মামা সুজন কর্মকার।
এ বিষয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম বলেন, ‘এই ঘটনায় ডা. রাজনের মামা সুজন কর্মকার বিকেলে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। আর নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।’
এই বিষয়ে বিএসএমএমইউয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া সাংবাদিকদের বলেন, ‘রাজন কর্মকারের বাবা ও মামা অভিযোগ করেছেন যে, রাজনকে হত্যা করা হয়েছে। সে কারণে তারা রাজনের মৃতদেহের ময়নাতদন্তের দাবি জানিয়েছেন। একজন চিকিৎসক হিসেবে আমি মনে করি, রাজনের মরদেহের ময়নাতদন্ত হওয়া উচিত। ময়নাতদন্তের পরেই বিষয়টি স্পষ্ট হবে।’ দৈ.আ.স










