ছাত্রলীগের নেতা-কর্মীদের আন্দোলন থেকে সরে আসার নির্দেশ প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক : রাজপথ থেকে ছাত্রলীগের নেতা-কর্মীদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার সকালে একনেকের বৈঠক শেষে দলের সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনায় এ কথা বলেন প্রধানমন্ত্রী।
এসময় তিনি বলেন যে, ডাকসু নির্বাচনের ফলাফল নিয়ে ছাত্র লীগের যে অসন্তোষ ও বিক্ষোভ, এটা ঠিক হচ্ছে না। এই আন্দোলন বিক্ষোভ নিয়ে প্রধানমন্ত্রী অসন্তোষও প্রকাশ করেছেন বলে জানা গেছে।
প্রধানমন্ত্রী বলেছেন যে, ভোট হয়েছে। শিক্ষার্থীরা যাকে ভোট দিয়েছে, সে-ই নির্বাচিত হয়েছে। এটা নিয়ে আন্দোলন কিংবা হৈ চৈ করে পরিস্থিতি অন্যদিকে নেওয়াটা অর্থহীন। তিনি অনতিবিলম্বে এই আন্দোলন বন্ধ করতেও ছাত্রলীগের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন।
কয়েকটি সূত্র জানিয়েছে, প্রধানমনন্ত্রী বলেছেন, ভোট নিয়ে যদি আপত্তি থেকে থাকে, সেই আপত্তি প্রকাশের নিয়মতান্ত্রিক পথ রয়েছে। সেই নিয়ম অনুসরণ করেই অভিযোগ জানাতে হবে। কিন্তু সেটা না করে উপাচার্যের বাসভবন ঘেরাও এবং বিশ্ববিদ্যালয় বন্ধ করে শিক্ষার পরিবেশ নষ্ট করাটা অর্থহীন। এ কারণে প্রধানমন্ত্রী বিক্ষোভ-আন্দোলন প্রত্যাহার করে ছাত্রলীগ নেতাদের নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার নির্দেশ দিয়েছেন।










