এখনও চালু ব্রিটিশ ও পাকিস্তান আমলের ৩৭৮ আইন : আইনমন্ত্রী
সংসদ রিপোর্টার : ব্রিটিশ ও পাকিস্তান আমলের ৩৭৮টি আইন এখনও চালু আছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সোমবার জাতীয় সংসদে মাহফুজুর রহমানের প্রশ্নের জবাবে তিনি আইনগুলোর তালিকাও উপস্থাপন করেন।
তালিকার প্রথমটি ১৭৯৯ সালের The Wills and Intestacy Regulation এবং সর্বশেষটি ১৯৭০ সালের The Government and Local Authority Lands Buildings (Recovery of Possession) Ordinance (East Pakistan Ordinance).
আইনমন্ত্রী জানান, পরে ১৯৭১ সালের ১০ এপ্রিল এক আদেশবলে এগুলো অব্যাহত রাখা হয়েছে। আইনগুলোয় পরে সংবিধানের ১৪৯ অনুচ্ছেদের মাধ্যমে হেফাজত করা হয়েছে।
দেশের প্রচলিত আইনের সংস্কার, সংশোধন ও আধুনিকীকরণ চলমান প্রক্রিয়া উল্লেখ করে আনিসুল হক বলেন, ‘বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে প্রচলিত আইনের সংস্কার, সংশোধন ও আধুনিকীকরণ হয়ে থাকে। এ লক্ষ্যে অচল আইনগুলো বাতিল, প্রচলিত আইনগুলো পরীক্ষা-নিরীক্ষা ও সংস্কার, ক্ষেত্রমতে নতুন আইন প্রণয়ন করা হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা আইন কমিশন আইন সংশোধন বা বাতিল করে নতুন আইন প্রণয়নের সুপারিশ করলে সরকার সেক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’










