জামায়াত নেতা আজহারের ফাঁসির আদেশ
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।বুধবার দুপুরে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এই রায় ঘোষণা করেন।ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন- বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হক।রায়ে আজহারের বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগের মধ্যে তিনটিতে ফাঁসি, একটিতে ২৫ বছর, একটিতে পাঁচ বছর এবং একটিতে খালাস দেয়া হয়েছে।
ছয়টি অভিযোগের মধ্যে ২, ৩, ৪ নম্বর অভিযোগে ফাঁসির আদেশ দেয়া হয়। এছাড়া ৫ নং অভিযোগে ২৫ বছর এবং ৬ নং অভিযোগে ৫ বছরের সাজা দেয়া হয়। ১ নং অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেয়া হয়।রায় ঘোষণার সময় আজহারকে কাঠগড়ায় অবিচল থাকতে দেখা গেছে।বেলা ১১টা ১০ মিনিটে আনুষ্ঠানিকভাবে রায় পড়া শুরু হয়। দুপুর সাড়ে ১২টার দিকে তা শেষ হয়। ১৫৮ পৃষ্ঠার রায়ে তাকে এ সাজা দেয়া হয়।
এর আগে রায় ঘোষণার জন্য সকাল পৌনে ১১টার দিকে বিচারকরা ট্রাইব্যুনালে হাজির হয়ে খাস কামরায় যান। পরে ১১.১০ মিনিটে রায় পড়া শুরু করা হয়। শুরুতে সূচনা বক্তব্য দেন, ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম।
সূচনা বক্তব্যের পর রায়ের প্রথম অংশ পড়া শুরু করেন বিচারপতি আনোয়ারুল হক। দ্বিতীয় অংশ পড়েন বিচারক প্যানেলের সদস্য বিচারপতি জাহাঙ্গীর হোসেন এবং শেষ অংশ পড়েন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম।এর আগে সকাল নয়টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে একটি প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে আনা হয় এটিএম আজহারকে। পরে তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় রাখা হয়।এসময় তার পরনে ছিল সাদা রঙের পাঞ্জাবি-পাজামা ও ঘিয়া রঙের সোয়েটার। সকাল পৌনে নয়টার দিকে একটি প্রিজনভ্যানে করে আজহারকে নিয়ে কারাগার থেকে ট্রাইব্যুনালের উদ্দেশ্যে রওনা হয় প্রিজন ভ্যানটি।
রায়কে ঘিরে ট্রাইব্যুনাল ও এর আশপাশের এলাকার নিরাপত্তা জোরদার করা হয়। তল্লাশি করে সবাইকে আদালতের ভেতরে ঢোকানো হয়। সুপ্রিমকোর্ট এলাকায় যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়।রায় ঘোষণার আগে গত ১৪ সেপ্টেম্বর যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন আজহারের আইনজীবী। এর আগে ১৮ থেকে ২৬ আগস্ট পর্যন্ত আজহারের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষ।গত বছরের ২৬ ডিসেম্বর থেকে আজহারের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। তার বিরুদ্ধে সর্বমোট ১৯ জন প্রসিকিউশনের সাক্ষী তাদের জবানবন্দি পেশ করেন।একই বছরের ১২ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের ৬টি অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করে ট্রাইব্যুনাল-১।
এসব অভিযোগের তদন্তকালে ৬০ জনেরও বেশী ব্যক্তির সাক্ষ্যগ্রহণ করা হয়। এ মামলাটি তদন্ত করেন তদন্ত সংস্থার কর্মকর্তা (আইও) এসএম ইদ্রিস আলী।প্রসিকিউশনের এক আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্তের স্বার্থে ২০১৩ সালের ১১ ফেব্রুয়ারি আজহারকে সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।২০১৩ সালের ১৮ জুলাই আজহারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়।৬টি অভিযোগের ভিত্তিতে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল র্চার্জ) দাখিল করা হয়েছে। মোট ৪টি ভলিয়মে ৩০০ পৃষ্ঠার নথিপত্র দাখিল করা হয়।
এর আগে গত বছরের ৪ জুলাই মানবতাবিরোধী অপরাধের ৯ ধরনের অভিযোগে তদন্ত শেষ করে তদন্ত সংস্থা প্রসিকিউশন বরাবর তদন্ত রিপোর্ট দাখিল করে।মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালের আদেশে রাজধানীর মগবাজারস্থ নিজ বাসা থেকে ২০১২ সালের ২২ আগস্ট আজহারকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী।











