মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি আলোচনায় আনতে চায় খালেদা জিয়ার মুক্তি ইস্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নির্বাচনের কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির ইস্যুটি কিছুটা ‘চাপা’ পড়ে। ওই ইস্যুকে আলোচনায় আনতে মানববন্ধন, অনশন এবং সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন দলের নীতিনির্ধারকরা। ইতোমধ্যে গতকাল সোমবার তার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বুধবার ঢাকায় এক ঘণ্টা মানববন্ধনের ঘোষণা দিয়েছে বিএনপি।

বিএনপি নেতারা জানিয়েছেন, রবিবার রাতে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম- জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়, খালেদা জিয়ার মুক্তি নিয়ে কর্মসূচি দেবেন তারা।

আজ মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে তার মুক্তি ও চিকিৎসা নিয়ে আলোচনাও করা হবে। জানতে চাইলে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় আমাদের সময়কে বলেন, ‘আমাদের নেত্রী কারাগারে। তাকে মুক্ত করতে আমাদের আইনি লড়াই ও রাজপথের আন্দোলন চলবে। সেই ক্ষেত্রে পর্যায়ক্রমে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।’

দলের নীতিনির্ধারকরা জানিয়েছেন, কিছুটা ছাড় দিয়ে হলেও খালেদা জিয়ার মুক্তি চান দলের নেতাকর্মী। এ জন্য সরকারের সঙ্গে আলোচনায় বসতেও রাজি। সেই আলোচনার ক্ষেত্র তৈরি করতে এবার নতুন কর্মসূচি দেওয়া শুরু হয়েছে। রবিবার আদালতে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকেও বেগম জিয়া জানিয়েছেন, তার শরীর ভালো নেই। তার মামলাগুলো সতর্ক ও সঠিকভাবে পরিচালনার জন্য আইনজীবীদের নির্দেশ দেন।

জানা গেছে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো, বিদেশ থেকে দুই দফা বিশেষজ্ঞ চিকিৎসক আনার বিষয়টি সামনে এনে দ্রুত খালেদা জিয়ার সুচিকিৎসা চাইবে বিএনপি। এ জন্য বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দেওয়ার দাবি জানাবে দলটি।

অবশ্য, বিদেশে চিকিৎসা নিতে চাইলে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হতে পারে বলে একটি গুঞ্জন আছে। কিন্তু তাতে দলের চেয়ারপারসন রাজি হবেন কিনা তা নিয়ে দ্বিধায় আছেন নেতাকর্মীরা। তবে দলের নেতাকর্মীরা চান, যেভাবে হোক; খালেদা জিয়ার মুক্ত হওয়া দরকার।

জানা গেছে, বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে ওবায়দুল কাদেরকে দেখতে যাওয়ার সিদ্ধান্ত হয়। রবিবার রাতেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এবং ড. আবদুল মঈন খান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে যান। এর মাধ্যমে বিএনপি আবার ‘পজেটিভ’ রাজনীতির ইঙ্গিত দিয়েছেন।

এদিকে গতকাল নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ নতুন কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, সকাল ১১টা থেকে এক ঘণ্টার মানববন্ধন কর্মসূচি হবে জাতীয় প্রেসক্লাবের সামনে।

কারাগারে বন্দি খালেদা জিয়ার স্বাস্থ্যের চরম ক্রমাবনতিতে উদ্বেগ প্রকাশ করে রিজভী বলেন, কারাগারে খালেদা জিয়া নিজে বলেছেন, তার শরীরটা ভালো যাচ্ছে না। তার স্বাস্থ্যের ক্রমাবনতিতে দেশবাসীর মতো আমরা খুবই উদ্বিগ্ন, আমরা বেদনার্ত।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপির পক্ষ থেকে বলব-তিনবারের সর্বোচ্চ ভোটে নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রীর প্রতি শুধু প্রতিহিংসাবশত এমন নিষ্ঠুর বর্বরতম আচরণের অবসান ঘটান। বেগম জিয়াকে মুক্তি দিন। জামিনে আর বাধা দেবেন না। ঔপনিবেশিক আমলেও জনপ্রিয় রাজনৈতিক দলের রাজবন্দির প্রতি এমন অমানবিক আচরণ করা হয়নি। অবৈধ ক্ষমতা দখলে রাখতে গিয়ে সভ্যতা-ভদ্রতা-ন্যায়নীতি-মানবতা আর বিসর্জন দেবেন না। অমানবিকতা পরিহার করুন

বিএসএমএমইউতে চিকিসাধীন গুরুতর অসুস্থ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দ্রুত আরোগ্য কামনা করে রিজভী বলেন, আল্লাহ তাকে দ্রুত সুস্থ করান। দৈ.আ.স

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক