জানাজা শেষে সম্মিলিত মোনাজাত করা বিদয়াত
আমিন মুনশি : জানাজার নামাজ শেষে হাত তুলে সম্মিলিতভাবে মোনাজাত করার প্রচলন রয়েছে বিভিন্ন এলাকায়। আমাদের দেশের অধিকাংশ অঞ্চলেও জানাজার নামাজ শেষে মুসল্লিদের নিয়ে ইমাম সাহেব হাত তুলে সম্মিলিতভাবে মোনাজাত করে থাকেন। তবে ভারতের ঐতিহ্যবাহী ইসলামি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের ‘দারুল ইফতা’ বিভাগ থেকে এবার এক ফতোয়ায় জানাজার নামাজ শেষে মোনাজাত করাকে বিদয়াত বলে ঘোষণা করা হয়েছে।
দারুল উলুমের ইফতা বিভাগের কাছে জনৈক ব্যক্তি তার এলাকায় এক জানাজা নামাজ শেষে মুসল্লিদের নিয়ে হাত তুলে ইমামের মোনাজাতের কথা উল্লেখ করে জানাজা শেষে হাত তুলে মোনাজাত করার ব্যাপারে কুরআন-হাদিসের ব্যাখ্যা জানতে চান। ওই ব্যক্তির প্রশ্নের জবাবে দারুল উলুম দেওবন্দ ফতোয়া প্রদান করে যে, জানাজা নামাজ শেষে মোনাজাতের প্রচলন একটি বিদয়াত। জানাজা নামাজের মধ্যে তৃতীয় তাকবিরের পর মৃত ব্যক্তির রুহের মাগফিরাতের জন্য দোয়া করা হয়ে থাকে। এ কারণে, জানাজা নামাজ শেষে আলাদা করে মোনাজাত করার কোনো প্রয়োজন নেই।
দারুল ইফতার পক্ষ থেকে বলা হয়, কুরআন-হাদীস কিংবা সাহাবায়ে কেরাম, তাবে-তাবেইন, আইম্মায়ে মুজতাহিদীন, মুহাদ্দিস, মুফাসসিরীনসহ কারও জীবনী থেকে জানাজা নামাজ শেষে মোনাজাত করার বিষয়টি প্রমাণ হয় না। সুতরাং কিছু এলাকাতে মোনাজাতের যে প্রচলন রয়েছে তা সঠিক নয়; বরং বিদয়াত।
http://www.darulifta-deoband.com/home/ur/Others/168696










