সংবর্ধনা দেওয়া হলো ময়ূরপঙ্খীর পাইলট ও ক্রুদের
নিউজ ডেস্ক : ছিনতাই চেষ্টার শিকার বিমান বাংলাদেশ এয়ার লাইন্স-এর বিমান ময়ূরপঙ্খীর পাইলট ও ক্রুদের সংবর্ধনা দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের সংবর্ধনা জানানো হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী পাইলট ও ক্রুদের বুদ্ধিমত্তা ও সাহসের প্রশংসা করেন। তিনি ২৪শে ফেব্রুয়ারি ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা নিবিড় তত্ত্বাবধানের মাধ্যমে কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই দ্রুত সমাধান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তিনি সামরিক বাহিনীর সদস্যদের অভিনন্দন জানান।
পাইলট ও ক্রুদের অভিনন্দন জানিয়ে মন্ত্রী বলেন, ‘আপনারা বুদ্ধিমত্তা, সাহস ও আন্তরিকতার সাথে পরিস্থিতি মোকাবেলা করে বিমানটির প্রত্যেকটি যাত্রীকে নিরাপদে অবতরণ করার সুযোগ করে দিয়েছেন, সেজন্য আপনাদের সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই।’
সংবর্ধনা অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মুহিবুল হক বলেন, ‘বিমান একটি স্পর্শকাতর খাত। এখানে যারা কাজ করেন তাদের খুব সতর্কতার সাথে ও দক্ষতার সাথে কাজ করতে হয়। ময়ূরপঙ্খীর পাইলট ও ক্রু-রা তাই করেছেন।’
সচিব তাদের মেধা ও দক্ষতার জন্য সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানান। তিনি বলেন, ‘পৃথিবীতে যতগুলো যোগাযোগ মাধ্যম রয়েছে তার মধ্যে সবচেয়ে নিরাপদ মাধ্যম হল বিমান।’ বিচ্ছিন্ন একটি, দুটি ঘটনার জন্য আতঙ্কিত না হওয়ার জন্য সকলকে অনুরোধ জানান। একইসঙ্গে তিনি ময়ূরপঙ্খীর পাইলট ও ক্রুদের অভিজ্ঞতা বাংলাদেশ বিমানের অন্যান্য সব পাইলট ও ক্রুদের সঙ্গে বিনিময়ের ব্যবস্থা করার জন্য বিমান বাংলাদেশ এয়ার লাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালককে অনুরোধ জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিমান বাংলাদেশ এয়ার লাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবগণসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।










