মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মনসুর ও মোকাব্বির মার্চে শপথ নেবেন

news-image

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরাম থেকে নির্বাচন করা সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান মাসখানেক আগে শপথ নেবেন বলে জানিয়েছিলেন। এ নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টে সমালোচনা হয়। এ দুজন আবারও জানালেন, তাঁরা মার্চের প্রথমার্ধে শপথ নেবেন। তবে দল বলছে, দলের সিদ্ধান্তের বাইরে গেলে ব্যবস্থা নেওয়া হবে।

গণফোরামের উদীয়মান সূর্য প্রতীক নিয়ে সিলেট-২ আসন থেকে নির্বাচন করে জয়ী হন দলটির প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খান। শুরু থেকেই তিনি শপথ নেওয়ার ব্যাপারে আগ্রহী। আজ বুধবার বিকেলে মোকাব্বির খান প্রথম আলোকে বলেন, ‘মার্চের প্রথমদিকে শপথ নেওয়ার সম্ভাবনা আছে। বিরোধী দলীয় সাংসদ হিসেবে যতটুকু ভূমিকা রাখা যায় চেষ্টা থাকবে।’ দলের সিদ্ধান্তের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার তো মনে হচ্ছে দলের চিন্তা ভাবনা ইতিবাচক।’

অন্যদিকে সুলতান মোহাম্মদ মনসুর গণফোরাম থেকে মনোনয়ন নিয়ে ধানের শীষ প্রতীকে মৌলভীবাজার-২ আসনে নির্বাচিত হন। আজ তিনি প্রথম আলোকে বলেন, মার্চের ১৫ তারিখের মধ্যে তিনি শপথ নেবেন।

জাতীয় ঐক্যফ্রন্ট জোটবদ্ধ হওয়ার শুরু থেকে জড়িত ছিলেন সুলতান মোহাম্মাদ মনসুর। তবে শপথ নেওয়াকে কেন্দ্র করে তাঁর সঙ্গে জোটের দূরত্ব তৈরি হয়। তাঁকে ঐক্যফ্রন্টের কোনো বৈঠকে দেখা যায় না।

নাম প্রকাশ না করার শর্তে গণফোরামের একজন নেতা জানান, শপথের ব্যাপারে এখন দল ইতিবাচক না, ওই দুই প্রার্থীই ইতিবাচক। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নিলে দল থেকে বহিষ্কার হয়ে যেতে পারেন। দলের সর্বশেষ বৈঠকে আলোচনা হয়েছে যে, ড. কামাল হোসেন যদি শপথ নেওয়ায় সায় দেন, তাহলে সমালোচনা হবে। সম্মান থাকবে না।

গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু বলেন, ‘শপথ নেওয়ার ব্যাপারে দল মোটেও ইতিবাচক না। আমরা বারবার এটার প্রতিবাদ করেছি। দলীয় সিদ্ধান্তের মধ্যেই তাঁদের সিদ্ধান্ত নিতে হবে। এর বাইরে গেলে দল তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমরা বিশ্বাস করি, এটা জাতির সঙ্গে প্রতারণা হবে।’

শপথের ব্যাপারে গত ৫ জানুয়ারি গণফোরামের কেন্দ্রীয় কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেন বলেছিলেন, শপথের ব্যাপারে তাঁরা ইতিবাচক সিদ্ধান্ত নেবেন। অবশ্য তার পরদিন ঐক্যফ্রন্টের নেতাদের বৈঠক শেষে মোস্তফা মহসীন মন্টু সাংবাদিকদের জানান, তাঁরা কেউই শপথ নিচ্ছেন না। এ ছাড়া জানুয়ারির শেষ দিকে সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান শপথ নেবেন বলে জানান। তখন গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তিতে দিয়ে গণফোরাম জানায়, শপথ না নেওয়ার সিদ্ধান্ত বহাল আছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে গণফোরাম। এতে বিএনপির ছয়জন ও গণফোরামের দুজন নির্বাচিত হন।প্রথম আলো

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক