প্রধান বিচারপতি বললেন, আইনজীবীর জীবন কখনোই মসৃণ নয়
নিউজ ডেস্ক : প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, ‘একজন আইনজীবীর জীবন কখনোই মসৃণ নয়। বিভিন্ন চড়াই-উতড়াই পেরিয়ে সাফল্যের শিখরে পৌঁছতে প্রয়োজন নিষ্ঠা, সময়ানুবর্তিতা, ধৈর্য, সততা, পরিশ্রম এবং নিরন্তর অধ্যয়ন।’
তিনি বলেন, আইন পেশার সুমহান মর্যাদা রক্ষা করতে সব অনিয়মের বিরুদ্ধে বার ও বেঞ্চকে সোচ্চার থাকতে হবে।
মঙ্গলবার বিকালে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলএলএম ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন (ডুলা) আয়োজিত নবীনবরণ, ফাগুন উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান বিচারপতি আইনজীবীদের উদ্দেশে বলেন, প্রতিটি মামলা পরিচালনায় তার শিক্ষা, মেধা এবং বিচক্ষণতার প্রয়োগ হতে হবে। জেনে-শুনে মামলার ঘটনার বিকৃত উপস্থাপনা করা একজন আইনজীবীর কখনোই উচিত নয়। সঠিক সাক্ষ্যপ্রমাণ এবং আইনি বিশ্লেষণের মাধ্যমে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে আদালতকে সহায়তা করা মূল উদ্দেশ্য।
ভাষা শহীদদের স্মরণ করে প্রধান বিচারপতি বলেন, যাদের রক্তের বিনিময়ে আমরা মাতৃভাষায় কথা বলতে পারছি, গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, জাতির পিতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও বাঙালির মুক্তি সংগ্রামের অবিসংবাদিত নেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন ছাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, কাউকে ছোট করে নিজে বড় হওয়া যায় না। মামলা পরিচালনায় আইনজীবীদের মধ্যে প্রতিযোগিতা হবে, কে কত বিনয়ী হতে পারে।
নবীন আইনজীবীদের উদ্দেশ করে তিনি বলেন, সিনিয়রদের সম্মান করা, আদালতে বসে ভালো আইনজীবীদের শুনানি শোনা। ল’জার্নাল এবং আইনকে আয়ত্ত করা। কর্মের দ্বারা যদি নিজেকে আকৃষ্ট করতে পারেন তাহলে সবাই আপনার পেছনে ছুটবে। সংঘবদ্ধজীবন না হলে জীবনকে সম্মানিত করা যায় না।
সবাইকে সহমর্মিতা ও একটি নিবিড় বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যেখানে রাজনৈতিক হানাহানি থাকবে না, ব্যক্তিগত বিদ্ধেষ থাকবে না, অপরকে ছোট করে নিজেকে বড় করার প্রবণতা থাকবে না। কারণ হঠাৎ করে বড় হওয়ার ফল কখনো ভালো হয় না। তাই নিজেকে সৃষ্টি করুন এবং অন্যকে আকৃষ্ট করার আহ্বান জানিয়েছেন তিনি।
সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট এ কেএম ফয়েজের সভাপতিত্বে আরও বক্তব্য দেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, আপিল বিভাগের বিচারপতি মির্জা হোসেইন হায়দার, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন, সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ডুলা’র প্রতিষ্ঠাতা সভাপতি ও বিচারপতি এ, কে, এম, আব্দুল হাকিম প্রমুখ।










