দেশে ফিরেই ড. কামাল সংবাদ সম্মেলন ডাকলেন
নিজস্ব প্রতিবেক : সিঙ্গাপুরে থেকে ফিরেই বুধবার সংবাদ সম্মেলন ডাকলেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
চলমান রাজনৈতিক নানা ইস্যুতে জোটের ভূমিকাকে সামনে রেখে ওইদিন বিকেলে রাজধানীর মতিঝিলে দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে গণফোরামের জাতীয় কাউন্সিল উপলক্ষে কেন্দ্রীয় কমিটির প্রস্তুতি সভায় অংশ নেবেন ড. কামাল।
মঙ্গলবার রাতে গণফোরামের বিশ্বস্ত সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরামের নির্বাচিত দুজন সংসদ সদস্যের শপথ নেয়া না নেয়ার বিষয়টি সংবাদ সম্মেলনে উঠে আসবে। যদিও এরইমধ্যে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত ৮ জন সদস্য শপথ নেবেন না বলে সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
তবে গণফোরামের নির্বাচিত দুই সদস্য সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান সংসদে যাওয়ার ব্যাপারে নিজেরাই ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। এ বছরের মার্চের শেষ দিকে গণফোরামের পঞ্চম কাউন্সিল হওয়ার সম্ভাবনা রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।










