তিস্তা ব্যারাজের সেচ কার্যক্রম শুরু হতে যাচ্ছে ১৫ জানুয়ারি
নীলফামারী প্রতিনিধি: আগামী ১৫ জানুয়ারী চলতি রবি ও খরিপ–১ মৌসুমে দেশের সর্ববৃহৎ তিস্তা ব্যারেজ সেচ প্রকল্প সেচ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন হতে যাচ্ছে। এতে নীলফামারী, রংপুর ও দিনাজপুরে ২৯ হাজার ৫০০ হেক্টর জমিতে সেচ প্রদানে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এ জন্য সকল প্রস্তুতিও গ্রহণ করেছে সংশ্লিষ্টরা। সেচ নির্ভন বোরো আবাদে তিস্তার পানির ব্যাপক চাহিদা রয়েছে। আর অন্যদিকে উজানের পানি প্রবাহের উপর উত্তরাঞ্চলের হাজার হাজার কৃষকের ভাগ্য সেচের উপর নির্ভরশীল। বর্তমানে উজানের জোয়ারে তিস্তা পানি প্রবাহ রয়েছে পাঁচ হাজার কিউসেক।
তিস্তা ব্যারেজ সেচ প্রকল্পের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাফিউল বারী জানান, চলতি মৌসুমে নীলফামারী, রংপুর ও দিনাজপুর জেলায় ২৯ হাজার ৫০০ হেক্টর জমিতে সেচ প্রদানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে নীলফামারী জেলার ডিমলা উপজেলা ৫ হাজার হেক্টর, জলঢাকা উপজেলায় ৮ হাজার হেক্টর ও নীলফামারী জেলা সদরে ৭ হাজার হেক্টর, কিশোরীগঞ্জ উপজেলায় ৫ হাজার হেক্টর, সৈয়দপুর উপজেলায় ২ হাজার হেক্টর, রংপুর জেলার গঙ্গাচরা উপজেলায় ৩ হাজার হেক্টর ও দিনাজপুর জেলার খানসামা এবং চিরিরবন্দর উপজেলায় ১ হাজার ৫০০ হেক্টর। আর সেচে প্রদানের কমান্ড এলাকা তৈরী রয়েছে ৭৯ হাজার হেক্টর।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, এবার তিস্তায় উজানের জোয়ার ভালই রয়েছে। তবে এ জোয়ার অব্যাহত থাকলে আরোও বেশী জমিতে সেচ দেওয়া যাবে।










