মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটকেন্দ্র দখল করছে বিএনপি-জামায়াতের ক্যাডাররা : আওয়ামী লীগ

news-image

নিউজ ডেস্ক : ড. কামাল হোসেন ও মির্জা ফখরুল সাহেবদের পূর্ব পরিকল্পনার অংশ হিসেবেই বিএনপি-জামায়াতের সশস্ত্র ক্যাডার বাহিনী বিভিন্ন জায়গায় ভোটকেন্দ্র দখল করার ষড়যন্ত্র বাস্তবায়ন করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান।

শনিবার রাতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডি রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

আব্দুর রহমান বলেন, নির্বাচনের ঠিক আগ মুহূর্তে শনিবার রাতে সুনামগঞ্জের ধর্মপাশায় আওয়ামী লীগের সাইফুল ইসলাম ও চট্টগ্রামের পটিয়ায় যুবলীগের দিল মোহাম্মদ বাছাকে নৃশংসভাবে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা হত্যা করছে। এর মাধ্যমে তারা নির্বাচনে নৈরাজ্য সৃষ্টির নীলনকশা বাস্তবায়ন করছে।

তিনি বলেন, নোয়াখালী-২ আসনের নাটেশ্বর ইবতেদায়ি মাদরাসা কেন্দ্রে প্রিজাইডিং অফিসারকে মারধর করে ভোটের সরঞ্জাম কেড়ে নিয়েছে এবং হামলায় ৬ জন আওয়ামী লীগ নেতাকর্মী আহত হয়েছে। রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ির উজআমতলি ইউনিয়নে যুবদল সেক্রেটারি দেলোয়ারের নেতৃত্বে হামলা চালিয়ে আওয়ামী লীগের ৫ জনকে আহত করা হয়েছে।

আওয়ামী লীগের এই নেতা অভিযোগ করেন বিএনপি-জামায়াত চট্টগ্রামের লোহাগড়ায় বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করেছে। একই সঙ্গে তারা বিভিন্ন জায়গায় ভোট কেনার জন্য আইএসআইয়ের পাঠানো হাজার কোটি টাকা দিয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করছে।

তিনি বলেন, ইতোমধ্যেই ঠাকুরগাঁওয়ে কেন্দ্র দখলের সময় বিএনপির ১৪ নেতাকর্মী আটক হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় ভোট কেনার সময় ৯ জন বিএনপি নেতাকর্মী আটক হয়েছে, কেন্দ্র দখলের সময় যশোরে ২ বিএনপি নেতা আটক হয়েছেন।

আব্দুর রহমান বলেন, এক অডিও বার্তায় কর্ণেল অলি আহমেদ লাঠি সোটা নিয়ে ভোটকেন্দ্র দখলের নির্দেশ দিয়েছেন। জামায়াতের সন্ত্রাসীরা বরগুনার আমতলির হলদিয়া ইউনিয়ন পরিষদ ভোটকেন্দ্র বোমা মেরে উড়িয়ে দেয়ার প্রকাশ্য হুমকি দিয়েছে। সিরাজগঞ্জে আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্পে হামলা করে ৫ জনকে আহত করেছে। একইভাবে সারা দেশে তারা সহিংসতা ছড়াচ্ছে।

এ সময় দেশবাসীকে অত্যন্ত সতর্কতা ও ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, নিজেদের পরাজয় নিশ্চিত জেনে, বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা দেশের গণতন্ত্রকে ধ্বংস করার জন্য সুপরিকল্পিতভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

তিনি বলেন, আমরা বিএনপি-জামায়াত-ঐক্যফ্রন্ট অশুভ জোট নেতাদেরকে হুঁশিয়ার উচ্চারণ করে বলতে চাই, জনগণের সাংবিধানিক অধিকার নিয়ে ছিনিমিন খেলবেন না। গণতন্ত্রকামী বাংলাদেশের জনগণকে নিরাপদে, নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিন। সন্ত্রাস নৈরাজ্য সহিংসতা ও গুজব বন্ধ করুন। নতুবা জনগণ আপনাদের ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে।

আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবে না বলেও মন্তব্য করে আব্দুর রহমান বলেন, সারাদেশে নৌকা মার্কার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। নৌকার পক্ষে গণমানুষের আকুণ্ঠ সমর্থন দেখে ভীত হয়ে বিএনপি-জামায়াত সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। সন্ত্রাস সৃষ্টি করে আওয়ামী লীগের নিশ্চিত বিজয় ঠেকানো সম্ভব নয়। আমরা নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনের প্রাক্কালে আমরা দেশবাসীকে এই ধরনের সন্ত্রাসী এবং নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।

আব্দুর রহমান বলেন, নির্বাচনের আগের রাতেই জামায়াত-বিএনপি-ঐক্যফ্রন্ট নির্বাচনের পরিবেশকে পরিকল্পিতভাবে ধ্বংস করতে সহিংসতার পথ বেছে নিয়েছে এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছে। একই সঙ্গে লন্ডনে বসে দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজগুবি মিথ্যা তথ্য ও গুজব ছড়াচ্ছে। সারা দেশে ত্রাস ও আতঙ্ক সৃষ্টির পাশাপাশি বিভিন্ন এলাকায় ভোট কেন্দ্র দখলের অপতৎপরতা চালাচ্ছে।

বিএনপি নির্বাচন নিয়ে ক্রমাগত মিথ্যাচার করছে দাবি করে তিনি বলেন, নয়া পল্টন আর গুলশানে বসে বিএনপি নেতারা একের পর এক নির্লজ্জ মিথ্যাচার ও কল্পকাহিনীর মাধ্যমে জাতিকে বোকা বানানোর অপচেষ্টা চালাচ্ছে। আমরা সারা দেশের জনগণকে অত্যন্ত সতর্ক ও ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করে করার আহ্বান জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবীর নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, উপ-দফতর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া, নির্বাহী সদস্য আনোয়ার হোসেন প্রমুখ।