মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অস্কার থেকে বাদ ‘ডুব’

news-image

বিনোদন ডেস্ক : বিশ্ব চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারের সংক্ষিপ্ত তালিকায় স্থান করে নিতে পারেনি বাংলাদেশের ছবি ‘ডুব- নো বেড অব রোজেস’। গতকাল মঙ্গলবার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) ৯১তম আসরের বিদেশি ভাষার ছবির সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করা হয়েছে। আর তাতে নেই বাংলাদেশ থেকে পাঠানো মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ ছবিটি।

অ্যাকাডেমির সদস্যরা গত অক্টোবরের মাঝামাঝি থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ‘ডুব’সহ জমা পড়া সব ছবি দেখেছেন। এর মধ্য থেকে সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছে মোট ৯টি সিনেমা। এগুলো হলো- ‘বার্ডস অব প্যাসেজ’ (কলম্বিয়া), ‘দ্য গিল্টি’ (ডেনমার্ক), ‘নেভার লুক অ্যাওয়ে’ (জার্মানি), ‘শপলিফটার্স’ (জাপান), ‘অ্যায়কা’ (কাজাখিস্তান), ‘কেপেরনওম’ (লেবানন), ‘রোমা’ (মেক্সিকো), ‘কোল্ড ওয়ার’ (পোল্যান্ড) ও ‘বার্নিং’ (দক্ষিণ কোরিয়া)।

এদিকে, ‘ডুব’ অস্কারে জমা পড়া ফারুকীর তৃতীয় সিনেমা। এর আগে এই নির্মাতার ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ ও ‘টেলিভিশন’ জমা পড়েছিলো। ‘ডুব’ ছবিতে অভিনয় করেছেন বলিউড অভিনেতা ইরফান খান, নুসরাত ইমরোজ তিশা, কলকাতার পার্নো মিত্র, রোকেয়া প্রাচীসহ অনেকে।