জামালপুর-১ বিএনপির প্রার্থী মিল্লাত নির্বাচন করতে পারছেন না
অনলাইন ডেস্ক : জামালপুর-১ আসনে বিএনপির প্রার্থী রশিদুজ্জামান মিল্লাতের মনোনয়ন স্থগিত করেছেন হাইকোর্ট।
নির্বাচন কমিশনের দেওয়া মনোনয়ন বৈধতার সিদ্ধান্তের ওপর শুনানি নিয়ে বৃহস্পতিবার সকালে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করে খুরশিদ আলম খান বলেন, রশিদুজ্জামান মিল্লাত দণ্ডিত। এ কারণে রিটার্নিং অফিসার তার মনোনয়ন বাতিল করেছিলেন। কিন্তু তিনি নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পান। নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করা হয়।
শুনানি শেষে আদালত নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করে রুল জারি করেছেন। ফলে তিনি আর নির্বাচন করতে পারছেন না। বিডি প্রতিদিন










