মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিলন সমর্থকদের হাতে এক ঘণ্টা অবরুদ্ধ মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : মনোনয়ন না দেওয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বহনকারী গাড়ি প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ করে রেখেছে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনের সমর্থকরা। গতকাল শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের গেটে রাত সোয়া দুইটা থেকে তিনটা পর্যন্ত তার গাড়ি আটকে রাখা হয়।

এক পর্যায়ে সমর্থকদের রোববার সকাল ১০টায় কার্যালয়ে আসার আহ্বান জানিয়ে পথ ছেড়ে দিতে বলেন বিএনপি মহাসচিব। এতেও কাজ না হওয়ায় গাড়ি থেকে নেমে হেঁটে কিছু দূর গিয়ে গাড়িতে ওঠেন মির্জা ফখরুল।

এ সময় মিলনের মনোনয়ন নিশ্চিত না করায় গুলশান কার্যালয় ছেড়ে যাবেন না বলে জানান তার সমর্থকরা।

দীর্ঘদিন পর দেশে ফিরে ২৩ নভেম্বর চট্টগ্রাম থেকে গ্রেপ্তার হন এহসানুল হক মিলন। কারাগারে থাকলেও চাঁদপুর-১ আসনে মনোনয়ন চেয়েছিলেন তিনি। এ আসনে মালয়েশিয়া শাখা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনকে প্রার্থী নির্বাচিত করেছে দল।

গতকাল শনিবার রাজধানী ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ করেছে মনোনয়নবঞ্চিত বিএনপি প্রার্থীর সমর্থক ও অনুসারীরা। রাতে রাজধানীতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ভাঙচুর চালায় বিক্ষুব্ধরা। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িতে হামলা চালানো হয়। মারধর করা হয়েছে তার গাড়িচালককেও।

এ বিষয়ে জানতে চাইলে গাড়িচালক হেলাল আমাদের সময়কে বলেন, ‘যখন গাড়িতে হামলা হয়, তখন স্যার (ফখরুল) ছিলেন না। গাড়ি পার্কিংয়ে ছিল। বিক্ষুব্ধ তৈমূর আলম খন্দকারের সমর্থকরাই স্যারের গাড়িতে হামলা চালায়। লুকিং গ্লাস ভেঙে ফেলা হয়। আমাকেও মারধর করা হয়েছে। তারা আমার চোখে ঘুষি মারে।’

নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের মূল গেটে তালা ঝুলিয়েও বিক্ষোভ হয়েছে। এ ছাড়া ঢাকার বাইরে মুন্সীগঞ্জ, গোপালগঞ্জ, কুষ্টিয়া, চাঁদপুরসহ কয়েকটি জেলায় প্রতিবাদ মিছিল করেছে মনোনয়নবঞ্চিত প্রার্থীর সমর্থক ও নেতাকর্মীরা।
শুক্রবার রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০২ প্রার্থীর নাম ঘোষণার পর বিভিন্ন পর্যায়ে সমালোচনা শুরু হয়। ওই রাতেই কয়েকজন প্রার্থীর সমর্থকরা বিক্ষোভ করেন। বিক্ষোভের মুখে নড়াইল-১ ও ময়মনসিংহ-৩ আসনে মনোনয়ন পরিবর্তন করে ধানের শীষ দেওয়া হয় জাহাঙ্গীর বিশ্বাস এবং ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের হাতে। আরও বেশ কয়েকটি আসনে মনোনয়নপত্র পরিবর্তন করা হতে পারে। তবে এই ‘ঝামেলার’ জন্য বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের দায়ী করছেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।