রাজধানীতে রিটার্নিং অফিসারের কোল ঘেঁষেই লঙ্ঘিত ‘নির্বাচনী আচরণবিধি’
নিউজ ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন যাচাই-বাছাইয়ে বাদ পড়া প্রার্থীদের আপিল দায়েরের শেষ দিন ছিল গত বুধবার। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত হয়েছে শুনানি। আজ রোববার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন; আর ১০ ডিসেম্বর হবে নির্বাচনী প্রতীক বরাদ্দ।
এই প্রতীক বরাদ্দের আগে কোনো ধরনের প্রচার-প্রচারণা চালানো যাবে না বলে কঠোর হুঁশিয়ারি রয়েছে ইসির। এই বিষয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে গত মাসেই জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু ইসির কঠোর সেই নির্দেশনা উপেক্ষা করেই নির্বাচনের প্রতীক বরাদ্দের আগেই প্রতীক নিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন কোনো কোনো প্রার্থী।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের এই যাত্রায় এগিয়ে আছেন ঢাকা-৮ আসনের ১৪ দল মনোনীত প্রার্থী ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেননের কর্মী-সমর্থকরা। মহল্লায়-মহল্লায় এখনও তারা তোরণ, লিফলেট-পোস্টারে ছেয়ে না দিলেও নির্বাচনী প্রচার-প্রচারণার জন্য গড়ে তুলেছেন ক্লাবঘর সদৃশ ‘নির্বাচন পরিচালনা’ কেন্দ্র। সেগুলোর ভেতরে-বাইরে ‘নৌকা’ প্রতিকের ব্যানার-ফেস্টুন টাঙ্গিয়ে গত এক সপ্তাহ ধরে দিন-রাত চালিয়ে যাচ্ছেন প্রচারণার কাজ। আর নির্বাচনী আচররণবিধি লঙ্ঘন জনিত এই কর্মকাÐ চলছে খোদ রাজধানীর বুকে। তাও আবার ঢাকা বিভাগীয় কমিশনার ও রির্টানিং অফিসারের নাকের ডগায় বসে।
ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন আমাদের সময়কে বলেন, ‘প্রতীক পাওয়ার আগে প্রচারণা অবৈধ। তাই এখনও আমরা আমাদের প্রচার প্রচারণা শুরু করিনি। কোনো কর্মী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মতো কাজ করছেন বলে আমি অবগত নই। ’
রাজধানীর রমনা মডেল থানাধীন সেগুনবাগিচা এলাকায় ১২ তলা বিশিষ্ট একটি ভবনের দোতলায় অবস্থিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রির্টানিং অফিসারের কার্যালয়। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ও এখানে। ওই ভবনের পাশেই অবস্থিত রাজস্ব ভবন।
সরেজমিনে দেখা গেছে, এই রাজস্ব ভবনের সীমানা প্রাচীর ঘেঁষা ফুটপাতের প্রায় ৩০ হাত জায়গা দখল করে সাঁড়িবদ্ধ বাঁশের সঙ্গে সাদা, আকাশী আর সবুজ রঙের কাপড় দিয়ে ঢেকে গড়ে তোলা হয়েছে ‘নির্বাচন পরিচালনার’ কার্যালয়। এই কার্যালয়ের সামনে কাপড়ের সঙ্গে সাঁটানো রয়েছে বড়সড় একটি ব্যানার। ব্যানারের ডানপাশে রয়েছে ঢাকা-৮ আসনের ১৪ দল মনোনীত প্রার্থী রাশেদ খান মেননের ছবি। এরপাশেই বড় অক্ষরে লেখা রয়েছে-‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০১৮; ১৯ নম্বর ওয়ার্ড (ঢাকা-০৮ আসন) হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় নির্বাচন পরিচালনা কেন্দ্র।’ একেবারে নীচের অংশে একটি নৌকার ছবি রয়েছে; তার দু’পাশে লেখা রয়েছে- ‘৩০ তারিখ সারা দিন, নৌকা মার্কায় ভোট দিন।’ এই কার্যালয় থেকে বেরিয়ে রাস্তার ওপাশে গেলেই মিলবে রমনা মডেল থানা।
গত বৃহষ্পতিবার দুপুর একটার দিকে ওই কার্যালয়ের ভেতরে ঢুকতেই নজরে পড়ে বেশ কিছু চেয়ার রাখা। কয়েকজন নারী-পুরুষকে বসে ছিলেন সেই চেয়ারে। কার্যালয়ের শেষ মাথায় রয়েছে একটি টেবিল। টেবিলের ওপাশে পাতা চেয়ারে বসা ছিলেন ১৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কাকরাইল ইউনিটের সভাপতি মোহম্মদ বজলু খাঁ। তিনি এই কার্যালয়ের দায়িত্বে আছেন। তার পেছনে সাঁটানো নৌকার ছবি সংবলিত বিশাল ব্যানারে লেখা রয়েছে- ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-০৮ আসনে ১৪ দলের মনোনীত প্রার্থী জননেতা রাশেদ খান মেননকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। এর নিচেই বড় শব্দে লেখা- ‘হাবিবুল্লাহ বাহার ইউনির্ভাসিটি কলেজ নির্বাচন পরিচালনা কেন্দ্র। তার নিচে লেখা ১৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ, রমনা থানা ঢাকা মহানগর দক্ষিণ।
নির্বাচনের প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে আ. লীগ নেতা বজলু খাঁ বলেন, ‘দল রাশেদ খান মেননকে মনোনীত করেছে, নির্বাচনী আচরণবিধি মেনেই আমরা তার হয়ে কিছু প্রচারণার কাজ শুরু করেছি। এই ক্ষেত্রে কেউ আমাদের বাধা দিচ্ছে না। আগামী ১০ তারিখের পর পুরোদমে প্রচারের কার্যক্রম শুরু হবে। নির্বাচনের প্রতীক বরাদ্দের আগেই নির্বাচন পরিচালনা কেন্দ্র বানিয়ে সেখানে ‘নৌকা’ প্রতীক নিয়ে প্রচার-প্রচারণার বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি। এর আগের গত বুধবার রাত ১১টার দিকে গিয়েও ওই কার্যালয়ে অনেক মানুষের সমাগম লক্ষ্য করা গেছে।
এই ‘নির্বাচন পরিচালনা কেন্দ্রের’ অদূরেই রমনা থানার কাকরাইল এলাকার ৯০-মুসাফির টাওয়ারের নিচ তলায় অবস্থিত ঢাকা মহানগর দক্ষিণে ১৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়। গতকাল শনিবার দুপুর ২টার দিকে ওই কার্যালয়ের দেওয়ালে সাঁটানো দেখা গেছে- নৌকা প্রতীক সংবলিত বড় ব্যানার। ব্যানারের ডানপাশে রয়েছে রাশেদ খান মেননের ছবি। এরপাশেই বড় অক্ষরে লেখা রয়েছে-‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০১৮; ১৯ নম্বর ওয়ার্ড (ঢাকা-০৮ আসন) উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ নির্বাচন পরিচালনা কেন্দ্র।’
একেবারে নীচের অংশে একটি নৌকার ছবি রয়েছে; তার দু’পাশে লেখা রয়েছে- ‘৩০ তারিখ সারা দিন, নৌকা মার্কায় ভোট দিন।’ নির্বাচনের প্রতীক বরাদ্দের আগেই নির্বাচন পরিচালনা কেন্দ্র বানিয়ে সেখানে ‘নৌকা’ প্রতিক নিয়ে প্রচার-প্রচারণা চালানোর বিষয়ে জানতে চাইলে কার্যালয়ে উপস্থিত নেতা-কর্মী কেউই মন্তব্য করতে রাজি হননি।
রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালনরত ঢাকা বিভাগীয় কমিশনার কে এম আলী আজম আমাদের সময়কে বলেন, ‘ঢাকায় কোনো প্রার্থী বা তার সমর্থকরা প্রতীক বরাদ্দের আগেই প্রতীক নিয়ে প্রচার-প্রচারণা চালাচ্ছেন বলে আমার জানা নেই। সুনিদৃষ্ট অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
রাজস্ব ভবনের সামনে একজন প্রার্থীর সমর্থকরা প্রতীক বরাদ্দের আগেই প্রতীক নিয়ে প্রচারণা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন বলে দৃষ্টি আকর্ষণ করা হলে কে এম আলী আজম দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন গত বৃহষ্পতিবার রাতে। এদিকে শুক্রবার সকালে দলীয় নেতা-কর্মীদের কার্যালয়টি ভেঙে উঠিয়ে নিতে দেখা গেলেও গতকাল শনিবার দুপুরে যথাস্থানে সেই পুরনো চিত্রই দেখা গেছে।
গত ৯ নভেম্বর এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ‘একাদশ জাতীয় নির্বাচনের প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী প্রচার-প্রচারণা চালানো যাবে না। প্রতীক বরাদ্দের পর থেকেই প্রচারণার সুযোগ থাকে। এর আগে কোনো প্রার্থী বা রাজনৈতিক দল প্রচারণা চালাতে পারবেন না। যদি এটার ব্যত্যয় ঘটে তবে তাদের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের দায়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভাগীয় কমিশনারদের নির্দেশনা দেওয়া হয়েছে।’ সূত্র: আমাদের সময়











