মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শান্তি চান রাজনীতিকেরা

news-image

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দল অংশ নেওয়ার বিষয়টি গর্বের ও খুশির। এর কারণে গণতন্ত্র শক্ত ভিতের ওপর দাঁড়াবে এবং শান্তি আসবে। এ ছাড়া একটি স্বাধীন-সার্বভৌম দেশে শান্তির মানদণ্ড হলো পুরোদমে মানবাধিকার প্রতিষ্ঠা করা। এ জন্য ভোটকেন্দ্র ও রাজনীতিতে শান্তি চাই।

বুধবার দুপুরে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আন্তর্জাতিক বেসরকারি সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত ‘শান্তিতে বিজয়’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাজনীতিবিদেরা এসব কথা বলেন। এ সময় শান্তির পক্ষে অঙ্গীকার করেন দেশের প্রধান দলগুলোর শীর্ষ নেতারা। পাশাপাশি আগামী নির্বাচনে নিজ নিজ দলের পক্ষে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।

অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, এবার সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে, সেটা গর্বের ও খুশির খবর। সবাই মিলে আগামী নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে হবে। গণতন্ত্রকে মজবুত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে। কেননা গণতান্ত্রিক রাজনীতির লড়াই আর শান্তি প্রতিষ্ঠার লড়াইকে আলাদা করা যাবে না।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেন, শুধু একটি বা দু’টি দল নয়, নির্বাচন সুষ্ঠু রাখতে সব দলকেই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে। আমরা কবরে গিয়ে নয়, বেঁচে থাকতেই শান্তি চাই। সব সময় শান্তি চাই। ভোটকেন্দ্রে শান্তি চাই, রাজনীতিতে শান্তি চাই। তিনি বলেন, এটা আমাদের জন্য দুর্ভাগ্য যে, দেশ এখন দুটি রাজনৈতিক ভাগে বিভক্ত হয়ে গেছে। আমাদের সামনে নতুন যে সমস্যা, জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ করা, তার জন্য আমাদের সবার একসঙ্গে কাজ করতে হবে।

বিএনপির অপর স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, একটি স্বাধীন-সার্বভৌম দেশে শান্তির মানদণ্ড আছে। সেটা হলো পুরোদমে মানবাধিকার প্রতিষ্ঠা করা। এসব নিশ্চিত করতে হবে। সবাই মিলে দেশে শান্তি প্রতিষ্ঠার কাজ করতে হবে।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলু বলেন, দেশে গণতান্ত্রিক রীতিতে সব দল নির্বাচনে অংশ নেওয়া গুরুত্বপূর্ণ। এবার সেটা হচ্ছে। আশা করি, প্রতিটি দল যার যার জায়গা থেকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখবে। নেতা-কর্মীদেরও সে রকম নির্দেশনা দেবে।

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, বিএনপির সহ আন্তর্জাতিক সম্পাদক রুমিন ফারহানাসহ বিভিন্ন রাজনৈতিক দলের ৩৯ জন রাজনীতিবিদকে পুরস্কার দেয় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক