অরিত্রির আত্মহত্যায় জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা : শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক : স্কুলে বাবার অপমান সইতে না পেরে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে রাজধানীর বেইলি রোডের ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
এ সময় শিক্ষার্থীরা প্রায় আধা ঘণ্টা শিক্ষামন্ত্রীর গাড়ি আটকে রাখে। সেসময় শিক্ষার্থীদের আশ্বস্ত করে মন্ত্রী বলেন, ‘ঘটনা তদন্তে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের একজন পরিচালককে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এই ছাত্রীর আত্মহত্যাকে আমাদের জন্য খুবই কষ্টের বিষয় হিসেবে মনে করি। এটা খুবই বড় বিষয়। এটাকে আমরা কখনও সহজে ছেড়ে দিতে পারি না। আমরা ইনকোয়ারি করে কারা দায়ী এবং কারা কারা এ ঘটনার সঙ্গে জড়িত ছিলেন, সবাইকে চিহ্নিত করে তিন দিনের মধ্যে রিপোর্ট দেবো। রিপোর্ট দিলে ব্যবস্থা নেবো।’
এর আগে সকালে শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করে স্কুল কর্তৃপক্ষ।
ভিকারুননিসা নূন স্কুলের প্রিন্সিপাল নাজনীন ফেরদৌস দাবি করেন, ‘অরিত্রি অধিকারিকে ছাড়পত্র দেওয়া হয়নি।’ স্কুলের পরীক্ষা স্থগিতের বিষয়ে তিনি বলেন, ‘পরীক্ষা যাথারীতি চলবে।’
এর আগে গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শান্তিনগর এলাকার একটি বাসা থেকে ভিকারুননিসা নূন স্কুলের অরিত্রি অধিকারী (১৫) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
স্বজনদের অভিযোগ, গতকাল স্কুলের শিক্ষকরা সবার সামনে অরিত্রির বাবা দিলীপ অধিকারীকে অপমান করেন। তাই বিষয়টি সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে অরিত্রি। তবে স্কুল কর্তৃপক্ষের দাবি, বাবাকে অপমান নয়, বরং পরীক্ষায় নকল করতে গিয়ে ধরা পড়েছিল অরিত্রি। তাই বিষয়টি জানাজানি হওয়ায় লজ্জায় মেয়েটি এ ঘটনা ঘটাতে পারে।
অরিত্রির বাবা সিঅ্যান্ডএফ ব্যবসায়ী দিলীপ অধিকারী জানান, শান্তিনগরে সাত তলা ভবনের সপ্তম তলায় সপরিবারে থাকেন তারা। দুই বোনের মধ্যে বড় অরিত্রির বার্ষিক পরীক্ষা চলছিল। গত রোববার সমাজবিজ্ঞান পরীক্ষা চলার সময় তার কাছে একটি মোবাইল ফোন পাওয়া যায়। মোবাইলে নকল আছে এমন অভিযোগে স্কুলের শিক্ষকরা অভিভাবক ডেকে পাঠান। তাই গতকাল অরিত্রির সঙ্গে দিলীপ অধিকারী ও তার স্ত্রী স্কুলে যান। এ সময় তারা ভাইস প্রিন্সিপালের কাছে গিয়ে মেয়ের ব্যাপারে ক্ষমা চান তিনি। কিন্তু ভাইস প্রিন্সিপাল কিছু করার নেই বলে তাদের অধ্যক্ষের রুমে যেতে বলেন। সেখানে গিয়েও তারা ক্ষমা চান। কিন্তু প্রিন্সিপালও তাদের প্রতি সদয় হননি।
এ সময় অরিত্রি প্রিন্সিপালের পায়ে ধরে ক্ষমা চাইলে তিনি সবাইকে উচ্চস্বরে বেরিয়ে যেতে বলেন এবং পরের দিন অরিত্রিকে টিসি দেওয়া হবে বলে জানান। এর পর অরিত্রি দ্রুত বাসায় চলে যায়। পেছন পেছন তার মা-বাবাও বাসায় গিয়ে দেখেন অরিত্রি নিজ রুমে ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলে আছে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেন তারা। সেখান থেকে তাকে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক অরিত্রিকে মৃত ঘোষণা করেন।
দিলীপ অধিকারী দাবি করেন, স্কুল কর্তৃপক্ষ মেয়ের সামনেই আমাকে অনেক অপমান করেন। এ অপমান এবং পরীক্ষা আর দিতে না পারার মানসিক আঘাত সইতে না পেরেই আত্মহত্যা করেছে অরিত্রি। তিনি দোষী শিক্ষকদের শাস্তি দাবি করেন।










