জামায়াত নেতা রব্বানীর মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ হাইকোর্টের
নিজস্ব প্রতিবেদক : রংপুর-৫ আসনের প্রার্থী জামায়াত নেতা গোলাম রব্বানীর মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ওই প্রার্থীর করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এ আদেশ দেন।
গোলাম রব্বানীর পক্ষে আইনজীবী ছিলেন এজেএম মোহাম্মদ আলী। শুনানিতে তাকে সহযোগিতা করেন আডভোকেট শিশির মনির ও ব্যারিস্টার ইমরান এ সিদ্দিকী।
গোলাম রব্বানী বলেন, ‘গত ২৮ তারিখ ছিল মনোনয়ন দাখিলের শেষ দিন। ওইদিন মনোনয়নপত্র দাখিল করতে গেলে আমার প্রস্তাবক ও আইনজীবীকে পুলিশ বাধা দেয়। এ সময় বিভিন্ন অজুহাত দেখিয়ে মনোনয়নপত্র দাখিলে বাধার সৃষ্টি করে তারা কালক্ষেপণ করতে থাকে। এক পর্যায়ে সময় উত্তীর্ণ অজুহাত দেখিয়ে আমার মনোনয়ন গ্রহণ করা হয়নি। এ অবস্থায় শনিবার আমরা নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছিলাম। কিন্তু নির্বাচন কমিশন থেকেও আমরা সুস্পষ্ট কোনো সিদ্ধান্ত পাইনি। এ কারণে গতকাল হাইকোর্টে রিট করি। আজ শুনানি নিয়ে যত দ্রুত সম্ভব আমার মনোনয়ন গ্রহণ করতে হাইকোর্ট নির্দেশ দিয়েছে। ’
জামায়াত নেতা গোলাম রব্বানী বিগত মিঠাপুকুর উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগের প্রার্থী জাকির হোসেনকে পরাজিত করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। দশম জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের সহিংস আন্দোলনের নানা মামলায় সাড়ে চার বছর জেলে থাকার পর তাকে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত করা হয়।










