প্রয়োজনে এক মঞ্চে দাঁড়িয়ে ভোট চাইব: আবদুস সালাম
নিজস্ব প্রতিবেদক : মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে আজ বুধবার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়ন জমা দিতে প্রার্থীদের ভিড় বাড়ছে। আগের দিন ভিড় কম থাকলেও আজ কিছুক্ষণ পর পরই বিভিন্ন দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে আসছেন। এরমধ্যে সাহারা খাতুন, সাদেক খান, আসলামুল হক, ব্যারিস্টার ফজলে নূর তাপস নিজ নিজ প্রত্যাশিত আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিএনপির কেউ জমা দেননি, তবে আজকে তাঁরাও জমা দিচ্ছেন। এখন পর্যন্ত মনোনয়ন জমা দিয়েছেন ঢাকা ১৮ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাহারা খাতুন, ঢাকা ১৩ আসনের প্রার্থী সাদেক খান, ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগ প্রার্থী আসলামুল হক, ঢাকা-১০ আসনের আওয়ামী লীগ প্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপস।
বেলা সাড়ে ১১টার দিকে মনোনয়নপত্র জমা দিয়ে সাহারা খাতুন বলেন, ‘আমি শুরু থেকেই নির্বাচনী আচরণবিধি মেনে আসছি।’
আসলামুল হক বলেন, ‘১০ বছরে অনেক উন্নয়ন হয়েছে। জনগণের আমাদের প্রতি আস্থা আছে।’
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান মনোনয়ন পত্র জমা দিয়ে বলেন, ‘নেত্রী আমাকে মনোনয়ন দিয়েছেন। আমার জন্য ও নৌকার জন্য মানুষ আজ রাস্তায় নেমে এসেছে।’
অন্যদিকে বিএনপি প্রার্থীদের মধ্যে ঢাকা ১৩ আসনের বিএনপি কেন্দ্রীয় নেতা আবদুস সালাম, ঢাকা ১৭ আসনে বিএনপি চেয়ার পারসনের উপদেষ্টা চিকিৎসক ফরহাদ হালিম। এ ছাড়া অন্যান্য দলের প্রার্থীরাও মনোনয়ন জমা দিতে আসছেন। এখানে ঢাকা মহানগরের ১৫টি আসনের মনোনয়ন জমা নেওয়া হচ্ছে। রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে আছেন ঢাকা বিভাগীয় কমিশনার কে এম আলী আজম।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের আবদুস সালাম বলেন, রিটার্নিং কর্মকর্তাকে বলেছি ইসি সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরি করতে পারেনি।
ঢাকা ১৩ আসনে আবদুস সালামের আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাদেক খান। মনোনয়নপত্র জমা দিতে এসে দুজনের কথা হয়। পরে এ বিষয়ে সাংবাদিকদের আবদুস সালাম বলেন, ‘উনাকে বলেছি, এলাকায় শান্তিপূর্ণ অবস্থা রাখতে আমরা প্রয়োজনে এক মঞ্চে দাঁড়িয়ে ভোট চাইব।’
ঘোষিত তফসিল অনুযায়ী, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন আজ। বেশির ভাগ প্রার্থীই আচরণবিধি না মেনে অধিক লোক নিয়ে আসছেন। অবশ্য পুলিশ কার্যালয়ের ভেতরে বেশি লোক নিয়ে যেতে দিচ্ছে না। মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশনের আচরণবিধিতে আছে, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কোনোভাবেই ৫ থেকে ৭ জনের বেশি কর্মী-সমর্থককে সঙ্গে নেওয়া যাবে না।
মনোনয়ন পত্র জমা দেওয়া শেষে ২ ডিসেম্বর বাছাই, ৯ ডিসেম্বর প্রত্যাহারের শেষ সময় এবং ভোট ৩০ ডিসেম্বর।











