ভোটের আগেই সেনা মোতায়েন : ইসি সচিব
নিজস্ব প্রতিবেদক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই থেকে ১০ দিন আগেই মাঠে সেনাবাহিনী ও বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলালুদ্দীন আহমেদ। আজ বৃহস্পতিবার সকালে নির্বাচন ভবনে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের ব্রিফিং ও দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ইসি সচিব বলেন, ‘সংসদ নির্বাচনের ২ থেকে ৩ দিন অথবা ৭ থেকে ১০ দিন আগে নির্বাচনী এলাকায় সেনাবাহিনী যাবে। ওই সময় নির্বাচনী এলাকায় বিজিবিও মোতায়েন করা হবে।’
হেলালুদ্দীন আহমেদ বলেন, ‘ইসি থেকে যে পরিপত্র জারি করা হয়েছে তা হুবহু মানতে হবে। যারা এর ব্যাত্যয় ঘটাবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ’
তিনি আরও বলেন, ‘আগাম নির্বাচনী ব্যানার-পোস্টার-ফেস্টুন নামাতে যে সময় দেওয়া হয়েছে তার মধ্যে একাজ শেষ করতে হবে। নির্দেশ না মানলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে কমিশন। ’
এ সময় ব্যানার-পোস্টারগুলো যাতে দ্রুত সরিয়ে নেওয়া হয় সেজন্য পদক্ষেপ নিতে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা দেন ইসি সচিব।
অনুষ্ঠানে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, ‘এবার নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে আন্তর্জাতিক অঙ্গনে মুখ দেখানো যাবে না।’
সংসদ নির্বাচনে বিএনপিসহ তাদের জোট ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসহ সেনা মোতায়েনের দাবি জানিয়ে আসছে। অন্যদিকে, এর বিরোধিতা করে ক্ষমতাসীন আওয়ামী লীগ বলেছে, ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসহ সেনা মোতায়েন করার কোনো সুযোগ নেই। স্ট্রাইকিং ফোর্স হিসেবে তারা দায়িত্ব পালন করতে পারে।
তখন ইসি বলেছিল, সেনাবাহিনী মোতায়েন করার চিন্তা তাদের রয়েছে। তফসিলের পর কমিশন বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। সেনাবাহিনী মোতায়েনের বিষয়টি এতদিন কমিশনের চিন্তার মধ্যে থাকলেও বৃহস্পতিবার সরাসরি এ নিয়ে তাদের বক্তব্য আসলো। সূত্র: দৈ.আ.স










