মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হঠাৎ করেই আড়ালে কেন শখ?

news-image

বিনোদন ডেস্ক।। জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী আনিকা কবির শখ। গত দু’বছর মিডিয়ায় সরব নেই এই পর্দাকন্যা। গেল বছরের প্রথমে নিলয়-শখ দম্পতি ওমরাহ পালন করেন। তার কিছু দিন পর তাদের বিচ্ছেদের সংবাদ প্রকাশ হয়। সেই সময় আনুষ্ঠানিকভাবে তাদের দুজনের কেউ এই বিষয়ে মুখ খোলেননি। তবে বিভিন্ন মাধ্যম ও তাদের কাছের মানুষেরা বিচ্ছেদ হয়েছে বলে জানান। তারপর থেকেই আড়ালে চলে যান এই গ্ল্যামারাস অভিনেত্রী। মাঝে মধ্যে এক দুটি নাটকে অভিনয় করেন।

কিন্তু অজানা কারণেই খবরের শিরোনামে আসেন না। শখ এই সময়ে নিজের প্রয়োজন ছাড়া কারো সঙ্গে তেমন একটা যোগাযোগ করেন না বলেও জানা যায়। সম্প্রতি শখের একটি মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে। ‘মন ভালো নেই’ শিরোনামের এই ভিডিওতে আরো আছেন আফরান নিশো। কিন্তু মিউজিক ভিডিওটি দর্শক-শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেনি। অনেকে মনে করেন ক্যারিয়ারে অমনোযোগী, ব্যক্তিগত টানাপড়েন, শিডিউল ফাঁসানোসহ একাধিক কারণেই আজকে শখের এই অবস্থান। প্রসঙ্গত অভিনয়, মডেলিং এবং নৃত্য দিয়ে খুব অল্প সময়েই মিডিয়ায় সবার নজর কাড়েন শখ।

এরপর শুধুই এগিয়ে যাওয়ার গল্প। নাটকের পাশাপাশি সমানতালে করতে থাকেন মডেলিংও। কাজের ধারাবাহিকতায় একসময় চলচ্চিত্রেও নাম লেখান তিনি। ২০১০ সালে এমবি মানিক পরিচালিত ‘বল না তুমি আমার’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করে আলোচনায় নিজেকে এগিয়ে রাখেন তিনি। এরপর দীর্ঘ বিরতির পর নিলয় আলমগীরের সঙ্গে জুটি বেঁধে ‘অল্প অল্প প্রেমের গল্প’ চলচ্চিত্রে অভিনয় করেন। শখ আবারো নিয়মিত কাজ করবেন এটাই প্রত্যাশা করেন তার ভক্ত ও কাছের মানুষেরা। উৎস: মানবজমিন।