মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জসিম চলে যাওয়ার ২০ বছর, কেমন আছে জসিমের পরিবার?

news-image

বিনোদন ডেস্ক : জসিমকে ছাড়া পরিবারের ২০ বছর কেমন কাটছে? সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারানোর পর তিন ছেলে রাতুল, সামী ও রাহুলকে আগলে ধরে আছেন স্ত্রী নাসরিন জসিম।

‘আম্মুই আমাদের বড় করেছেন। ফলে ওই ব্যাপারটা অনেকটা স্বাভাবিক হয়ে যায়। বাবাকে তো মিস করি। কিন্তু বিষয়টি মেনে না নিয়ে তো কোনো উপায় নেই। বাবার নামে এফডিসিতে একটা ফ্লোর হয়েছে। আবার বিভিন্ন ইন্টারভিউয়ে তারকারা বাবাকে স্মরণ করেন। বিশেষ করে মিশা সওদাগর ,ওমর সানি, রিয়াজ অ্যাংকেল বাবার কথা উল্লেখ করেন ইন্টারভিউয়ে। ‍শুধু তাই নয় উনার মৃত্যুর ২০ বছর পরও ভক্তরা তাকে তো মনে রেখেছেন। এটাই আমাদের জন্য অনেক ভালো লাগার।’ জানালেন তার ছোট ছেলে এ কে রাহুল।

বাবার মৃত্যুর সময় রাহুলের বয়স ছিল পাঁচ কি ছয়। বাবার পথ ধরে একসময় অভিনয়ে নাম লেখানোর ইচ্ছা থাকলেও চলচ্চিত্রের ‘দুরবস্থার’ কারণে আর এ পথ মাড়াননি ছেলেরা। রাহুল বর্তমানে ট্রেইনরেক ব্যান্ডের সঙ্গে যুক্ত আছেন। বাকি দুই ভাইও ব্যান্ডের সঙ্গেই যুক্ত আছেন।

মাত্র ৪৮ বছরে ওপারে পাড়ি জমানো এ অভিনেতার ছেলে বলেন, বাবার জন্য তাকেও মাঝে মধ্যে ‘মধুর বিড়ম্বনায়’ পড়তে হয়। ‘একবার এক পরিচিতজনের বিয়েতে মিরপুর গেলাম। আগে থেকেই খবর রটেছিল সেখানে জসিমের পরিবার যাচ্ছে। রাস্তায় হাজার হাজার মানুষ ভরে যায় আমাদের দেখার জন্য। বাবার প্রতি মানুষের ভালোবাসা দেখে সত্যিই মুগ্ধ হয়েছি। বাবাকে সাধারণ মানুষরা এখনো অনেক বেশি ভালবাসে। বাসে উঠলে কোনভাবে যদি জানতে পারে আমি জসিমের ছেলে। টাকা দেয়ার সাধ্য থাকে না আমার। তারা নিবেই না। তাদের এক কথা আপনি বসের ছেলে।’ জানালেন তার আরেক ছেলে সামী।