গ্যাসলাইনে ছিদ্র মেরামতের পর ঢাকা-ময়মনসিংহ সড়কে যানচলাচল স্বাভাবিক
নিউজ ডেস্ক : রাজধানীর উত্তরা হাউস বিল্ডিং সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস র্যাপিড ট্রান্সপোর্ট (বিআরটি) প্রকল্পের কাজ করার সময় গ্যাসলাইনে ছিদ্র হয়ে প্রচণ্ড বেগে গ্যাস নির্গত হয় গত রাতে। এতে আগুন লেগে বিপর্যয়ের আশঙ্কা তৈরি হওয়ায় আশপাশের সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়। পরে ভোর রাতে তা মেরামতের পর যানচলাচল শুরু হয়েছে।
শুক্রবার রাত পৌনে ৯টার দিকে এ ছিদ্রের ঘটনা ঘটে। প্রায় ৪ ঘণ্টা বন্ধ থাকার পর রাত সোয়া ১২টার দিকে গ্যাস লাইন মেরামত করা হয়। এরপর ওই সড়কে যান চলাচল শুরু হয়।
দুর্ঘটনার পর যান চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষকে চরম বিপাকে পড়তে হয়। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। অনেক যাত্রীকে বাস থেকে নেমে হেঁটে রওনা দিতেও দেখা গেছে।
গ্যাস লাইনের লিকেজ হয়ে গ্যাস নির্গত হওয়ার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, তিতাস গ্যাসের টিম এবং স্থানীয় প্রশাসনের একাধিক টিম উপস্থিত হয়। পরে মেরামত শেষে সড়কটি চালু করা হয়।











