শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হিলিপে দূর্নীতি কে করে কার কাজ

Hilip Pic-2আমিরজাদা চৌধুরী : সৈয়দ জসিম ঢাকার স্টামফোর্ড কলেজের ছাত্র। ব্রাহ্মণবাড়িয়ার আহরন্দ থেকে ঘাটিয়ারা পর্যন্ত হিলিপ প্রকল্পের আওতায় নির্মিত একটি রাস্তার এলসিএস (লেবার কন্ট্রাকটিং সোসাইটি) মেম্বার তিনি। চিনাইর এলাকার আরেকটি রাস্তার কাজ বাস্তবায়নে গঠিত এ ধরনের একাধিক কমিটির সভাপতি হয়েছেন সেখানকার প্রভাবশালী এক ঠিকাদার আর তার পুত্র। অন্যান্য কমিটিও করা হয়েছে তার আত্মীয়স্বজনকে দিয়েই। মোহাম্মদপুর-সেন্দ বাজার রাস্তার কাজ করেছেন এক প্রভাবশালী জনপ্রতিনিধি। তার স্ত্রীকে করা হয়েছে এলসিএস’র একটি কমিটির সভাপতি। বাদবাকি সদস্যদের অধিকাংশই প্রকল্প এলাকার বাইরের ওই প্রভাবশালীর গ্রামের। এখানে এ প্রকল্পের কাজ নিয়ে এলজিইডি’র ব্রাহ্মণবাড়িয়া নির্বাহী প্রকৌশলীর অফিসের কর্মকর্তারাই সংশয় প্রকাশ করেন।
হাওড় অঞ্চলের অবকাঠামো ও জীবনমান উন্নয়ন প্রকল্প (হিলিপ) এর নীতিমালা অনুসারে সংশ্লিষ্ট এলাকার দরিদ্র জনগোষ্ঠীরই এলসিএস মেম্বার হওয়ার কথা। শুধু এই ক’টি প্রকল্পেই নয় ব্রাহ্মণবাড়িয়ায় হিলিপ-এর সবকাজ বাস্তবায়নে হয়েছে অনিয়ম। আর এতে প্রকল্পের উদ্দেশ্য ব্যাহত হয় পুরোপুরি। দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের এই প্রকল্পে পেট ভরছে ঠিকাদারের বা এলাকার প্রভাবশালীদের। তাদের মাধ্যমে কাজ করিয়ে প্রকল্পের কর্মকর্তারাও লাভবান। মোটা অংকের টাকার বিনিময়ে ঠিকাদারদের মধ্যে তারা কাজ বণ্টন করছেন।
আহরন্দ থেকে ঘাটিয়ারা পর্যন্ত রাস্তাটির কাজ করেছেন আবদুল আজিজ মেম্বার। যা এই এলাকার সবাই জানেন। আহরন্দ তিতাস নদীরপাড় থেকে সিএন্ডবি রোড মসজিদ হয়ে ঘাটিয়ারা হেলিডে রোড পর্যন্ত কয়েক কিলোমিটার দীর্ঘ এই রাস্তার নির্মাণ  কাজ ঘাটিয়ারা ও আহরন্দের কিছু অংশে এখনো অসমাপ্ত। প্রায় ১ কোটি ৭২ লাখ টাকায় এই কাজ বাস্তবায়ন হয়েছে। সরেজমিন সেখানে গেলে আজিজ মেম্বার এই কাজ বাস্তবায়ন করছেন বলে সবাই জানান। কমিটি নামমাত্র। আজিজ মেম্বারের বাড়িতে গিয়েও এর প্রমাণ মেলে। নিম্নমানের পাথর, ব্লক মজুদ করে রাখা হয়েছে। নির্মিত রাস্তার বিভিন্ন অংশ ইতিমধ্যে ধেবে গেছে। সৈয়দ জসিম বলেন, আমার নাম  আর লেইখখেন না। এমনিতেই অনেক ঝামেলায় আছি। আজিজ মেম্বারের  বাড়ির পাশেই তার বাড়ি। এই কাজ নিয়ে অনেকেই অভিযোগ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক একটি এলসিএস কমিটির সভাপতি বলেন, এই কাজের সব কিছুতেই অনিয়ম হয়েছে। কমিটি করে এলাকার লোকজনকে দিয়ে কাজ করার কথা ছিল। কিন্তু আজিজ মেম্বার নিজেই সব করেছেন। বিভিন্নজনের নাম দিয়ে কমিটি বানিয়ে ভুয়া স্বাক্ষর দিয়ে টাকা উঠিয়েছেন। আমরা অফিসে গিয়ে বারবার অভিযোগ করলেও তারা পাত্তা দেননি। অফিসকে টাকা দিয়েই এভাবে কাজ করা হয়েছে। তাছাড়া অর্ধেক কাজও করা হয়নি। যে কাজ করা হয়েছে সেগুলোও ভেঙ্গে পড়ছে। তবে আজিজ মেম্বার বলেছেন তিনি কাজ তদারকি করেছেন শুধু। এমনিভাবে চিনাইর-দতাইসার সড়কের কাজ করেছেন পরশ চৌধুরী। তিনি নিজে একটি এলসিএস কমিটির (শিমুল) সভাপতি। এই কাজেরই আরেকটি কমিটি (পলাশ) এর  সভাপতি এক প্রভাবশালী ঠিকাদার। তার ছেলে হয়েছেন আরেকটি কমিটির (জবা) সভাপতি। নবীনগর-বগডহর সড়কের কাজ করেছেন ঠিকাদার ফরিদ, খোলাপাড়া-বড়াইল সড়ক শাহিন, কুণ্ডা সড়ক নাছির, মোহাম্মদপুর-সেন্দ সড়কের কাজ করেছেন  মোখলেছ ও ফরিদ। এখানে গঠিত এলসিএস কমিটির (বুড়িগঙ্গা) সভাপতি এক প্রভাবশালী জনপ্রতিনিধির স্ত্রী। গত ২০১২-১৩ এবং ১৩-১৪ অর্থবছরে জেলার সদর উপজেলা, নবীনগর, আশুগঞ্জ, নাসিরনগর ও সরাইলে ২০টিরও বেশি রাস্তা, মার্কেট ও ভিলেজ প্রটেকশন কাজ বাস্তবায়ন হয়েছে। অভিযোগ এর কোনটিতেই স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীর সম্পৃক্ততা ছিল না। সেন্দ-মোহাম্মদপুর রাস্তার কাজ চলাকালীন সেখানে গিয়ে দেখা গেছে রাস্তার কাজ করছে ময়মনসিংহের শ্রমিকরা। চলতি অর্থবছরে নতুন ৫টি প্রকল্প ঠিকাদারের সঙ্গে একইভাবে চুক্তি করে দেয়া হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে। হিলিপ অফিস সূত্রে জানা যায়,  ব্রাহ্মণবাড়িয়া জেলায় ২০১৩ সাল থেকে এই প্রকল্প শুরু  হয়েছে। ইন্টারন্যাশনাল ফান্ড-ফর এগ্রিকালচার ডেভলপমেন্ট (ইফাদ)ও এসটিএফ এই প্রকল্প বাস্তবায়নে অর্থ সহায়তা দিচ্ছে। ব্লক রোড, গাইড ওয়ালসহ বিভিন্ন কাজ হচ্ছে এই প্রকল্পে। প্রকল্পের নীতিমালা অনুসারে যে এলাকায় প্রকল্পটি বাস্তবায়ন হবে সেখানকার দরিদ্র জনগোষ্ঠী নিজেরা এই কাজ বাস্তবায়ন করবে। তাদের মধ্যে থেকে ১০/১৫ জনের একটি কমিটি হবে। যেটি এলসিএস নামে পরিচিত (লেবার কনট্রাকটিং সোসাইটি)। একেকটি কমিটি খণ্ড খণ্ডভাবে কাজ বাস্তবায়ন করবে।  কাজ শুরুর আগেই তাদের ৪০ ভাগ টাকা আর কাজ শুরু হওয়ার পর ৪০ ভাগ টাকা দেয়া হয়। অসচ্ছল, ভূমিহীন, দরিদ্র মানুষদের আর্থিকভাবে লাভবান করার পাশাপাশি কাজের প্রতি অংশীদারিত্বের মাধ্যমে  তাদের মধ্যে মমত্ববোধ সৃষ্টি এই প্রকল্পের উদ্দেশ্যে। কিন্তু ঠিকাদার বা এলাকার প্রভাবশালীরা কাজ করায় এই প্রকল্পের উদ্দেশ্যে পুরোপুরি ব্যাহত হচ্ছে। অন্যদিকে ঠিকাদাররা নগদ টাকা হাতে পেয়ে তাদের ইচ্ছেমতো কাজ করছে। নিম্নমানের কাজের অভিযোগতো আছেই। সূত্র জানায়, ঠিকাদাররা এলাকার কিছু লোকজনকে ম্যানেজ করে এই কাজ করে। তাদের এক-দেড় শ টাকা করে দেয়। প্রকল্পের খোঁজখবর নিতে কেউ গেলে তাদের সামনে হাজির হয় তারা। নিজেরা কাজ করছে বলে জানায়। এদিকে ঠিকাদারদের সঙ্গে ৮/১০ লাখ টাকার চুক্তিতে প্রকল্পের জেলা অফিসের কর্মকর্তারা কাজ দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রকল্পের ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত এক কর্মকর্তা সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকের আত্মীয়। তাই নানা অনিয়মে বেপরোয়া হিলিপের ব্রাহ্মণবাড়িয়া অফিসের কর্মকর্তারা।
তবে জেলা প্রকল্প সমন্বয়কারী আরমান রশিদ ঠিকাদারদের সঙ্গে চুক্তি করে কাজ দেয়ার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, এলাকার মন্ত্রী-এমপিরা যদি কাউকে একটি কাজ দিতে বলেন তাহলে আমার কি তাদেরকে ‘না’ করার ক্ষমতা আছে। এলজিইডি’র নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের তৃতীয় তলায় হিলিপের অফিস। তাদের কাজ নির্বাহী প্রকৌশলীর অফিসের কর্মকর্তাদের দেখার কথা থাকলেও এখানে তা কেউ দেখছেন না। নাম প্রকাশ না করে এলজিইডি’র দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন-আমরা সব প্রকল্পের কাজই দেখাশুনা করি। হিলিপের উপজেলা পর্যন্ত লোকবল আছে। সেজন্য আমরা খোঁজখবর নেই না। আর খোঁজখবর নিতে গেলে আমাদের নানা আইন কানুন দেখানো হয়। তারা কি কাজ করছেন সেটা তারাই ভাল বলতে পারবেন। তবে তাদের কাজ নিয়ে সংশয় আছে আমাদের। তাছাড়া এখানে পিডি (প্রকল্প পরিচালক) স্যারের আত্মীয় আছে । সে কারণেও আমরা তাদের কর্মকাণ্ডের বিষয়ে নীরব।

Hilip Pic-3