মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী মনোনয়ন দিলে নির্বাচন করবো: ফেরদৌস

news-image

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক ফেরদৌস জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। আওয়ামী লীগের প্রার্থী হয়ে যশোর-৩ আসন থেকে নির্বাচনে লড়বেন তিনি; এমন খবর গত কয়েক দিন ধরে শোবিজ পাড়ায় শোনা যাচ্ছে। একাধিক ঘনিষ্ঠ সূত্র থেকেও বিষয়টির ইঙ্গিত পাওয়া যায়।

তবে নির্বাচনে অংশ নেয়া প্রসঙ্গে ফেরদৌস কোনো মন্তব্য করেননি। একাধিক গণমাধ্যমে এই বিষয়ে খবর প্রকাশ হলেও সেখানে ফেরদৌসের কোনো মতামত ছিলো না। অনেকটা চুপ করেই ছিলেন গত কয়েক দিন। অবশেষে মুখ খুললেন ফেরদৌস। জানালেন জাতীয় নির্বাচনে অংশ নেয়া প্রসঙ্গে।

ফেরদৌস জানান, তিনি জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে অংশ নেয়ার জন্য প্রস্তুত। এখন প্রধানমন্ত্রী যদি মনোনয়ন দেন, তাহলে এটা বাস্তবায়ন হবে। যদিও নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কোনো আলাপ হয়েছে কিনা, সেই বিষয়ে কিছু বলেননি ফেরদৌস। বলেছেন, ‘সময় হলে সব জানানো হবে’।

কিছু দিন আগেই প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে যোগ দেন ফেরদৌস। এই সফরের সুবাদেই মূলত ফেরদৌসের নির্বাচনে অংশ নেয়ার প্রসঙ্গটি উঠে আসে।

উল্লেখ্য, ফেরদৌসের জন্মস্থান কুমিল্লার তিতাশ উপজেলায়। তার শ্বশুরবাড়ি যশোরে। আর শ্বশুরের এলাকা থেকেই নির্বাচনে লড়বেন তিনি। তার শ্বশুর মরহুম আলী রেজা রাজু যশোর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও যশোর-৩ আসনের সংসদ সদস্য ছিলেন। শ্বশুরের পরিবর্তেই আওয়ামী লীগের হয়ে নির্বাচন করতে যাচ্ছেন ফেরদৌস।