কলেজ থেকে তুলে নিয়ে ২ ছাত্রকে নির্যাতন
বগুড়া প্রতিনিধি : বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের দুই ছাত্রকে ক্যাম্পাস থেকে তুলে নির্যাতনের অভিযোগ উঠেছে তাদের এক সহপাঠী এবং বহিরাগত দুজনের বিরুদ্ধে।
আহত দুই ছাত্র হলো সরকারি আজিজুল হক কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের কাওসার আহম্মেদ জয় ও সাব্বির আহমেদ। তাদের বাড়ি শহরের পশ্চিম বৃন্দাবন পাড়ায়। তারা এখন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি রয়েছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের শিববাটি এলাকায় এ ঘটনা ঘটলেও শুক্রবার রাতে তিনজনের বিরুদ্ধে সদর থানায় মামলা করা হয়। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। তারা হলো, শহরের শিববাটি এলাকার মিজানুর রহমানের জমজ ছেলে আল আমিন ও রুহুল আমিন এবং একই এলাকার আবতাফ উদ্দিনের ছেলে এসকে নাসিম নিশান।
আজ শনিবার সকালে বগুড়া শজিমেক হাসপাতালের ক্যাজুয়ালটি ৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন দুই ছাত্রের মধ্যে আহত কাওসার আহম্মেদ জয় জানায়, কয়েকদিন আগে তাদের সহপাঠী এসকে নাসিম নিশানের ছাত্রের সঙ্গে তাদের দুজনের তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরে নিশানের নেতৃত্বে কয়েকজন বহিরাগত বৃহস্পতিবার কলেজের সামনে থেকে তাদের জোর করে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। এরপর শিববাটি নামাপাড়া এলাকায় নিয়ে তাদের মারপিট করতে থাকে।
কাওসার আহম্মেদ জয় জানায়, সেখানে তারা তাদের বেঁধে রেখে পাইপ, ইট ও পাথর দিয়ে আঘাত করে। এ সময় তারা দুই লাখ টাকা চাঁদাও দাবি করে। পরে তাদের চিৎকারে পাশের লোকজন ছুটে এলে নিশানসহ অন্যরা তাদের ফেলে রেখে পালিয়ে যায়।
জানা যায়, ঘটনার পর স্থানীয়রা আহত ছাত্রদের উদ্ধার করে প্রথমে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থা গুরুতর হলে গতকাল শুক্রবার সন্ধ্যায় তাদের বগুড়ার শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়।
বগুড়া শজিমেক হাসপাতালের চিকিৎসক মঞ্জুরুল ইসলাম খান জানান, ইট ও পাথরের আঘাতের কারণে আহত দুই ছাত্রের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে। এখন প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রয়োজনে পরে অস্ত্রোপচার করা হবে।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান মিয়া জানান, এ ব্যাপারে আহত কলেজ ছাত্র কাওসার আহম্মেদ জয়ের বাব আবদুর রশিদ বাদী হয়ে গতকাল শুক্রবার রাতে সদর থানায় মামলা করেছেন। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। দৈ.আমাদের সময়











