দুই বছর পর ভারত থেকে ফিরলেন ৪৭ বাংলাদেশি
অনলাইন ডেস্ক : ভারতে প্রায় দুই বছর কারাভোগের পর বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন ৪৭ বাংলাদেশি। তাদের মধ্যে ৪৩ জন পুরুষ ও চারজন নারী রয়েছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির কাছে হস্তান্তর করে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, প্রায় আড়াই বছর আগে কাজের আশায় দালালের মাধ্যমে এসব বাংলাদেশি ভারতের তামিলনাড়ু রাজ্যে যান। সেখানে বিভিন্ন বাসাবাড়িতে কাজ করার সময় তাদের আটক করে স্থানীয় পুলিশ।
কারাভোগের মেয়াদ শেষ হওয়ার পর তাদের তামিলনাড়ুর সালেমের আত্তর ও ত্রিচি ক্যাম্পের একটি বেসরকারি সেল্টার হোমে রাখা হয়। পরে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে তাদের দেশে ফেরানোর প্রক্রিয়া সম্পন্ন হয়। ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বৃহস্পতিবার রাতে তারা বাংলাদেশে ফেরেন।
ফেরত আসা এসব বাংলাদেশির বাড়ি নড়াইল, গোপালগঞ্জ ও সাতক্ষীরার বিভিন্ন এলাকায়।
বেনাপোল ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। পরে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেয় মহিলা আইনজীবী সমিতি, রাইটস যশোর ও জাস্টিস অ্যান্ড কেয়ার নামে তিনটি বেসরকারি সংস্থা।











